রক্তচাপ উঠছে ১৯৩-এ, ‘যে কোনো সময় মৃত্যু’র শঙ্কা ইমরান খানের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৯ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
তিন বছর ধরে তিনি কারাগারে। বয়স হয়েছে ৭৪। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান অসুস্থ, অসহায়। যে কোনো সময় মৃত্যু হতে পারে, এমনই শঙ্কা করছেন তিনি।
রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ধুঁকছেন কয়েদি নম্বর ৮০৪। অন্ধ কুটিরে শীর্ণকায় ইমরান নিজের জীবন নিয়ে শঙ্কিত। তার আশঙ্কা, হয়তো জেলখানায়ই তার মৃত্যু হবে। আর দেখা হবে না নীল আকাশ। উজ্জ্বল সূর্য।
সম্প্রতি পাকিস্তানের সুপ্রিমকোর্টের বিচারপতিদের চিঠি লিখেছেন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান। জেলে তার যে দুর্দশা, সেখান থেকে হয়তো আর বেঁচে ফেরা হবে না তার। ইমরানের এই চিঠি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন তার আইনজীবী সালমান সাফদার।
খোলা চিঠিতে ইমরান লিখেছেন, ‘আমার বয়স এখন ৭৪ বছর। বর্তমানে আমি যে নির্মম পরিস্থিতির মধ্যে রয়েছি সেখান থেকে আর বেঁচে ফিরব বলে মনে হয় না। আমি সাবেক প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলের প্রধান হিসাবে এই চিঠি লিখিনি। আমার জীবনটা পাকিস্তানের ক্রিকেট এবং সমাজকল্যাণের জন্য উজাড় করে দিয়েছি। একা একটা সেলে বন্দি রয়েছি, কারোর মুখ দেখতে পাই না। দিনে ২২ ঘণ্টা একাই কাটাতে হচ্ছে।’ ইমরানের আশা, এই চিঠির মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছবে তার আর্তি।
ইমরান আরও লিখেছেন, ডান চোখের দৃষ্টি প্রায় ৮৫ শতাংশ হারিয়েছেন। রক্তচাপ বেড়ে ১৯৩ পর্যন্ত উঠেছে। চিকিৎসকদের আশঙ্কা, এবার ইমরানের মস্তিষ্কেও রক্তক্ষরণ শুরু হবে। হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
ইমরান ইতোমধ্যেই একাধিক হার্টের অসুখে ভুগছেন। বয়সের সঙ্গে সঙ্গে তার অসুস্থতাও বাড়ছে। খোলা চিঠিতে তার আক্ষেপ, ‘আমি সারা জীবন চেষ্টা করেছি হাসপাতাল তৈরির জন্য। যেন সবাই বিনামূল্যে চিকিৎসা পায়। আজ আমি আর্জি জানাচ্ছি, আমার এবং আমার স্ত্রীর যেন সঠিক চিকিৎসা হয়।’
