ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন প্রধান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো। ফুটবল প্রশাসনে হারিয়ে যাওয়া আস্থা পুনরুদ্ধার এবং বিভাজন দূর করে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন ৬৩ বছর বয়সি এই সংগঠক।
মঙ্গলবার প্যারিসে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে নির্বাহী কমিটির বৈঠকে দিয়ালোর প্রার্থিতা অনুমোদন পায়। এর আগের দিন উয়েফার নির্বাহী কমিটির ২১ সদস্যের বৈঠকেও তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।
দিয়ালো জানিয়েছেন, ফিফা সভাপতি হওয়ার জন্য শুরুতে তার কোনো পরিকল্পনা ছিল না। তবে ইউরোপীয় ফুটবল প্রশাসনের সহকর্মীদের অনুরোধে শেষ পর্যন্ত নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন তিনি। তার ভাষ্য, ফুটবল বিশ্বের বিভিন্ন পক্ষের উদ্বেগ ও প্রত্যাশা তুলে ধরার দায়িত্ব নিতে তিনি রাজি হয়েছেন।
ইনফান্তিনোর নেতৃত্বাধীন ফিফার বেশ কিছু সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন প্রধান। তার মতে, এসব কর্মকাণ্ড ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে অসন্তোষ তৈরি করেছে এবং সংস্থাটির প্রতি মানুষের বিশ্বাস দুর্বল করে দিয়েছে।
সমালোচনার তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার শান্তি পুরস্কার প্রদান, যুক্তরাষ্ট্রে টেলিভিশন স্বত্ব থেকে পাওয়া অর্থের বণ্টন, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের পরও নিষেধাজ্ঞা না পাওয়া, ফাইনালের বিরতির সময়সীমা এবং ফিফার সম্পদ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা।
দিয়ালোর অভিযোগ, এসব সিদ্ধান্ত সমর্থক, ক্লাব, স্পন্সর ও বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনকে হতবাক করেছে। এতে ফুটবলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ফিফার নেতৃত্বের প্রতি আস্থার সংকট আরও গভীর হয়েছে বলে মনে করেন তিনি।
ফিফার বিরুদ্ধে উয়েফার আইনি অবস্থানও এই নির্বাচনী লড়াইয়ে বাড়তি গুরুত্ব যোগ করেছে। যুক্তরাষ্ট্রের আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ফিফার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে সম্ভাব্য ফৌজদারি অভিযোগের জন্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। পালটা পদক্ষেপ হিসেবে কলোরাডোর আদালতে উয়েফার বিরুদ্ধে ইনফান্তিনোকে লক্ষ্য করে কুৎসা ছড়ানোর অভিযোগ তুলেছে ফিফা।
দিয়ালোর মতে, বর্তমান পরিস্থিতিতে ফুটবল প্রশাসনে নতুন ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি। নিজের অভিজ্ঞতা, আদর্শ ও মূল্যবোধের মাধ্যমে তিনি ফিফার জন্য একটি বিকল্প পথ তৈরি করতে চান।
বিশ্বকাপ শেষ হওয়ার পর ইনফান্তিনোর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছিল। ১৯ জুলাই বিশ্বকাপ শেষ হওয়ার পর ফিফা জানিয়েছিল, তাদের ২১১ সদস্য দেশের মধ্যে প্রায় ২০০টি ফেডারেশন ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়ে চিঠি দিয়েছে। সেই তালিকায় ছিল ফ্রান্সও।
কিন্তু সেপ্টেম্বরে নিজেদের অবস্থান পরিবর্তন করে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করে ফ্রান্স ফুটবল ফেডারেশন। দিয়ালোর দাবি, বিশেষ করে ফিফার সম্পদ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে তাদের আপত্তি ছিল। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী জশুয়া কুশনারের সঙ্গে গোপনে এ বিষয়ে পরিকল্পনা করা হয়েছিল। জশুয়া কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ছোট ভাই।
ইনফান্তিনোর সঙ্গে দীর্ঘদিনের পরিচয় থাকলেও সাম্প্রতিক কর্মকাণ্ডে হতাশ হয়েছেন বলে জানিয়েছেন দিয়ালো। তার অভিযোগ, ফিফার গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও সিদ্ধান্তের বিষয়ে অন্যদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করেননি সভাপতি। বিষয়টিকে ফুটবল প্রশাসনের অন্য অংশগুলোর প্রতি অবজ্ঞা হিসেবেই দেখছেন তিনি।
ফিফার আর্থিক সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন ফরাসি এই সংগঠক। তার দাবি, ৪৮ দলের অংশগ্রহণে ২০২৬ বিশ্বকাপ থেকে সংস্থাটির আয় ১৫ থেকে ১৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় অনেক বেশি। এমন আর্থিক অবস্থার পরও বেসরকারি বিনিয়োগকারীদের কাছ থেকে অতিরিক্ত কয়েক বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
দিয়ালোর মতে, ফিফার হাতে বিপুল পরিমাণ অর্থ ও রিজার্ভ থাকা অবস্থায় নতুন করে বেসরকারি বিনিয়োগের প্রয়োজনীয়তা স্পষ্ট নয়। এছাড়া ২০৩০ সাল পর্যন্ত প্রতিটি সদস্য ফেডারেশনকে অন্তত ২৫ মিলিয়ন ডলার উন্নয়ন তহবিল দেওয়ার প্রতিশ্রুতির বিষয়েও স্বচ্ছতা দাবি করেছেন তিনি। তার বক্তব্য, দীর্ঘদিন ধরে জমা থাকা অর্থ ব্যবহার করেই এই সহায়তা দেওয়া সম্ভব।
এর আগে ইনফান্তিনোর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় এসেছিলেন পিএসজি সভাপতি ও উয়েফা নির্বাহী কমিটির সদস্য নাসের আল খেলাইফি। তবে তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান। পরে আর্সেনালের সাবেক কোচ ও ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আর্সেন ওয়েঙ্গারের নামও আলোচনায় আসে। শেষ পর্যন্ত তিনিও প্রার্থী না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এবার দিয়ালোর প্রার্থিতা নির্বাচনের হিসাব-নিকাশে নতুন মাত্রা যোগ করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সমর্থন পেয়েছেন তিনি। পাশাপাশি প্রার্থিতা ঘোষণার পর আফ্রিকা ও এশিয়ার বেশ কয়েকটি ফুটবল ফেডারেশন থেকেও ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছেন ফরাসি ফুটবল প্রধান।
নির্বাচনে জয়ী হতে ১০৬টি ভোট প্রয়োজন বলে জানিয়েছেন দিয়ালো। আগামী মার্চে মরক্কোর রাবাতে ফিফার ২১১ সদস্য দেশের প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হবেন নতুন সভাপতি। এর আগে ডিসেম্বরের শুরুতে বেলফাস্টে নিজের নির্বাচনী প্রচার দলের নাম ঘোষণা করার কথা রয়েছে তার।
দিয়ালো জানিয়েছেন, ইনফান্তিনোকে পরাজিত করতে হলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। ফুটবলের ঐক্য, সংহতি ও উৎকর্ষকে গুরুত্ব দিয়ে একটি সুস্পষ্ট নির্বাচনী কর্মসূচি নিয়েই ভোটারদের সামনে হাজির হতে চান তিনি।

