১৫৭ রানে পিছিয়ে দল, ব্যাটিংয়ে নেমেই ফিরলেন তামিম-মুমিনুল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৪০০ রান। জবাবে ১৫৭ রানের লিড নিয়ে ৫৫৭ রান করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
১৫৭ রানে পিছিয়ে থেকে আজ চতুর্থ দিনে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় বাংলাদেশ। স্কোর বোর্ডে মাত্র ১২ রান জমা করতেই সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক সৌরভ।
প্রথম ইনিংসে ২২ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেছিলেন তানজিদ। তিনি আগের ইনিংসে ৬৭ রান করলেও দ্বিতীয় ইনিংসে ফেরেন মাত্র ৪ রানে।
তানজিদ আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে তৃতীয় বলেই বোল্ড হয়ে ফেরেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া মুমিনুল আজ দ্বিতীয় ইনিংসে ফেরেন মাত্র ১ রানে।
অফ স্টাম্পের বেশ বাইরে ছিল বল। চাইলেই বলটা ছেড়ে দিতে পারতেন মুমিনুল। কিন্তু তিনি কী উদ্দেশ্যে খেলেছেন, সেটি পরিষ্কার নয় একেবারেই। মুমিনুলের ব্যাট হয়ে বল এসে লেগেছে স্টাম্পে। বোল্ড হয়ে গেছেন মুমিনুল।
ব্যাটিং বিপর্যয়ে দলকে খেলায় ফেরাতে চেষ্টা করছেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

