ছিটকে গেলেন হাসান মাহমুদ, চোট কতটা গুরুতর তার?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট তো বটেই, শেষ কিছু দিনে বল হাতে দলের সবচেয়ে বড় ভরসা হাসান মাহমুদ। সেই তিনি প্রথম ম্যাচের প্রথম ইনিংসে চোট নিয়ে বেশ কিছুক্ষণের জন্য মাঠের বাইরে ছিলেন। সেই এক চোটই তাকে অবশেষে ছিটকে দিল দ্বিতীয় টেস্ট থেকে।
তার টেনিস এলবোর চোটটা বেশ পুরোনো। সেই চোটই আবার ফিরে এসেছে। এ কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের টেস্টে তার আর খেলা হচ্ছে না।
এ যাত্রায় বিপত্তিটা তৃতীয় দিনের শুরুতে দেখা দেয়। দিনের তৃতীয় ওভার করতে এসে হাতে ব্যথা অনুভব করেন। সে কারণে ওভার শেষ না করেই ফিরে যেতে হয় তাকে। এরপর তিনি অবশ্য ফিরেছেন, কিন্তু তার হাতে অনেকগুলো টেপ দেখা যায়।
তবে বিসিবির মেডিকেল টিমের একজন সদস্য ক্রিকবাজকে জানিয়েছেন, তিনি মনে করেন, এটি দীর্ঘ মেয়াদের সমাধান হতে পারে না। তার মতে, এটি ক্ষতি কমানোর একটা উপায় মাত্র। রোগ সারানোর পথ নয়।
ওই চিকিৎসক ক্রিকবাজকে বলেন, ‘যে পেসাররা কবজি দিয়ে বলকে বাড়তি ধাক্কা দিয়ে উইকেটের দিকে পাঠান, তাদের টেনিস এলবো হতে পারে। তারা বারবার কবজি দিয়ে ধাক্কা দেন। তাই এই জায়গায় (কনুইয়ের অংশে) ব্যথা আসতে পারে। হাসান মাহমুদের ক্ষেত্রেও এটাই হচ্ছে। হঠাৎ ঝাঁকুনি লাগলে বা চাপ পড়লে এমনটা হতে পারে। সমস্যাটা এখানেই।’
চিকিৎসক আরও জানান, হাসানের কনুইয়ে মাইক্রো টিয়ার হয়ে থাকতে পারে। সেরে ওঠার মতো পর্যাপ্ত সময় না পেলে এটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এর প্রভাব দীর্ঘদিন থাকতে পারে।
তিনি বলেন, ‘মাইক্রো টিয়ার থাকতে পারে, আর মাইক্রো টিয়ার মানেও তো ছেঁড়া। এবার ভাবুন, ১০০টা তন্তুর মধ্যে হয়তো চার-পাঁচটা বা ১০টা তন্তু ছিঁড়েছে। একে আমরা মাইক্রোস্কোপিক টিয়ার বলি। বড় ছেঁড়ার মতো এগুলো চোখে দেখা যায় না। কিন্তু অণুবীক্ষণিক ছেঁড়া থাকে।
‘এই ছেঁড়াগুলো সারার সময় পাচ্ছে না, কারণ তারা একটানা খেলছেন। তাই এখন টেপিং করে ছেঁড়া যেন না বাড়ে, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঠিক আছে? কিন্তু এভাবে খেলে গেলে ছেঁড়া সারার সুযোগ পাবে না। শেষ পর্যন্ত এটি চলতেই থাকবে। আর অনেক দিন ব্যথা বয়ে বেড়ালে সেটা মাথায় ব্যথার স্মৃতি হয়ে বসে যায়। আর ছেঁড়াটা বড় হয়ে গেলে সেটাও তো সমস্যা হয়ে দাঁড়াতে পারে।’
