ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ক্রিকেটের ২২ গজে দীর্ঘদিন ধরে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন ভারতের তারকা লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল। এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। ক্রিকেটের পাশাপাশি রাজনীতির ময়দানেও যাত্রা শুরু করেছেন এই ভারতীয় ক্রিকেটার। আনুষ্ঠানিকভাবে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন তিনি।
বিজেপির প্রকাশিত এক বিবৃতিতে চাহালের নতুন রাজনৈতিক দায়িত্বের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শনিবার দলের ওবিসি মোর্চার জাতীয় কমিটির নতুন তালিকা প্রকাশ করা হয়। সেখানে চাহালকে জাতীয় কার্যনির্বাহী কমিটির ‘বিশেষ আমন্ত্রিত সদস্য’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের নির্দেশনায় এই নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌর্যের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন চাহাল। অমরপাল জানিয়েছেন, তার নিয়োগের সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে।
ওবিসি মোর্চার সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে চাহাল ছাড়াও নতুন দায়িত্ব পেয়েছেন আরও অনেকে। নতুন কমিটিতে সাতজন জাতীয় সহসভাপতি, তিনজন জাতীয় সাধারণ সম্পাদক, সাতজন জাতীয় সম্পাদক এবং বিভিন্ন রাজ্যের ৩৭ জনকে জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।
ক্রিকেটের দুই সংস্করণেই পরিচিত মুখ যুজবেন্দ্র চাহাল। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলেও রয়েছে তার সমৃদ্ধ অভিজ্ঞতা। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ভারতীয় বোলার হিসেবে ৪০০ উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়েছেন তিনি।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন এই লেগ-স্পিনার। এবার ক্রিকেটের মাঠের পরিচিত গণ্ডি ছাড়িয়ে রাজনীতির অঙ্গনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন চাহাল।

