Logo
Logo
×

Advertisement

খেলা

অলিম্পিকের সোনার পদকে আসলে কতটুকু স্বর্ণ থাকে?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০২ পিএম

অলিম্পিকের সোনার পদকে আসলে কতটুকু স্বর্ণ থাকে?

ছবি: সংগৃহীত

Advertisement

সোনার বাজারে দামের ওঠানামা নিয়ে যখন আলোচনা চলছে, তখন ক্রীড়াজগতের অন্যতম আকর্ষণ অলিম্পিকের স্বর্ণপদক নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। যে পদক জয়ের স্বপ্ন দেখেন বিশ্বের সেরা অ্যাথলেটরা, সেটি কি পুরোপুরি সোনার তৈরি? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ধাতুর গল্প?

২০২৮ সালের ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়ার কথা অলিম্পিক গেমসের। এবারের আসরে ৩৬টি খেলায় মোট ৩৫৩টি পদক ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা অলিম্পিক ইতিহাসে সর্বোচ্চ। গেমসকে সামনে রেখে চলছে প্রস্তুতি। এরই একটি গুরুত্বপূর্ণ অংশ পদক তৈরি। তবে স্বর্ণপদক নাম হলেও এর পুরোটাই যে সোনার নয়, সেটি অনেকেরই অজানা।

অলিম্পিকের পদকের ইতিহাস অবশ্য বেশ পুরোনো। ১৮৯৬ সালে এথেন্সে আধুনিক অলিম্পিকের প্রথম আসরে চ্যাম্পিয়নদের হাতে তুলে দেওয়া হয়েছিল রুপার পদক। সঙ্গে ছিল জলপাইয়ের শাখা ও সনদ। দ্বিতীয় স্থান অর্জনকারীরা পেয়েছিলেন ব্রোঞ্জের পদক ও লরেলের শাখা। আর তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য তখন কোনো পদকের ব্যবস্থা ছিল না।

১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস অলিম্পিকে প্রথমবারের মতো বিজয়ীদের দেওয়া হয় খাঁটি সোনার পদক। ৩৭.৮ মিলিমিটার ব্যাসের সেই পদকের ওজন ছিল ২১ গ্রাম। বর্তমান প্রচলিত ভরির হিসাবে যা প্রায় ১.৮ ভরি সোনার সমান।

তবে খাঁটি সোনার পদকের প্রচলন দীর্ঘস্থায়ী হয়নি। ১৯১২ সালের স্টকহোম অলিম্পিকেও পুরোপুরি সোনার তৈরি পদক দেওয়া হয়েছিল। ২৪ গ্রাম ওজনের সেই পদক ছিল সম্পূর্ণ স্বর্ণনির্মিত। এরপর প্রথম বিশ্বযুদ্ধের কারণে ১৯১৬ সালের অলিম্পিক বাতিল হয়। ১৯২০ সালে গেমস আবার শুরু হলেও খাঁটি সোনার পদক আর ফিরে আসেনি। এর পরিবর্তে রুপার পদকের ওপর সোনার প্রলেপ দেওয়ার নিয়ম চালু হয়।

সময়ের সঙ্গে অলিম্পিক পদকের আকার ও ওজন বেড়েছে। ১৯২৮ সালে একটি পদকের ব্যাস ছিল ৫৫ মিলিমিটার। বর্তমানে তা ৮৫ মিলিমিটার। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে স্বর্ণপদকের ওজন ছিল ৫২৯ গ্রাম। কিন্তু পদকের আকার বাড়লেও তাতে সোনার পরিমাণ বাড়েনি।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নিয়ম অনুযায়ী, প্রতিটি স্বর্ণপদকে অন্তত ৬ গ্রাম খাঁটি সোনা থাকতে হবে। পদকের মূল অংশ তৈরি করা হয় রুপা দিয়ে, যার বিশুদ্ধতা ৯২.৫ শতাংশ। এরপর এর ওপর দেওয়া হয় কমপক্ষে ৬ গ্রাম সোনার প্রলেপ।

এর একটি উদাহরণ পাওয়া যায় ২০২৬ সালের মিলান-কর্তিনা শীতকালীন অলিম্পিকে। সেখানকার স্বর্ণপদকের ওজন ছিল ৫০৬ গ্রাম। এর মধ্যে ৫০০ গ্রাম ছিল রুপা, আর সোনার পরিমাণ ছিল মাত্র ৬ গ্রাম।

এবার হিসাব করা যাক, একটি অলিম্পিক স্বর্ণপদকে থাকা সোনার বাজারমূল্য কত। ২০ নভেম্বর বাজার বন্ধের সময় প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৫২৪ ডলারের কিছু বেশি। এক আউন্সে প্রায় ৩১ গ্রাম সোনা থাকায় প্রতি গ্রামের দাম দাঁড়ায় আনুমানিক ১১৩ ডলার। সেই হিসাবে ৬ গ্রাম সোনার মূল্য প্রায় ৬৮০ ডলার।

অন্যদিকে, একই সময়ে প্রতি আউন্স রুপার দাম ছিল প্রায় ৪১ ডলার। সে হিসাবে ৫০০ গ্রাম রুপার মূল্য দাঁড়ায় প্রায় ৬৫৯ ডলার। অর্থাৎ একটি স্বর্ণপদকে ব্যবহৃত সোনা ও রুপার বাজারমূল্য প্রায় কাছাকাছি। দুই ধাতুর মোট মূল্য হিসাব করলে একটি পদকের কাঁচামালের দাম দাঁড়ায় আনুমানিক ১ হাজার ৩৪০ ডলার।

প্যারিস অলিম্পিকের সঙ্গে তুলনা করলে এই মূল্যবৃদ্ধির বিষয়টি আরও স্পষ্ট হয়। অক্সফোর্ড ইকোনমিকসের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে একটি স্বর্ণপদকের ধাতব মূল্য ছিল প্রায় ১ হাজার ২৭ ডলার। সে সময় প্রতি আউন্স সোনার দাম ছিল প্রায় ২ হাজার ৪০০ ডলার। বর্তমান হিসাব অনুযায়ী, পদকের ধাতব মূল্য বেড়েছে প্রায় ৩০০ ডলার।

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পদকের নকশা, ওজন ও উপাদান সম্পর্কে এখনো চূড়ান্ত তথ্য প্রকাশ করেনি আয়োজক কমিটি। ফলে নতুন পদকের প্রকৃত মূল্য জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

তবে একটি বিষয় নিশ্চিত, অলিম্পিকের স্বর্ণপদকের মূল্য শুধু এর মধ্যে থাকা সোনা কিংবা রুপার বাজারদর দিয়ে নির্ধারণ করা যায় না। একজন অ্যাথলেটের বছরের পর বছর পরিশ্রম, ত্যাগ ও স্বপ্নের চূড়ান্ত স্বীকৃতি এই পদক। ধাতুর দাম কমতে-বাড়তে পারে, কিন্তু অলিম্পিক স্বর্ণজয়ের মর্যাদা অমূল্য।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বর্ণের বাজারে নজিরবিহীন অস্থির এক বছর

স্বর্ণের বাজারে নজিরবিহীন অস্থির এক বছর

ব্যাংক ও বিনিয়োগকারীদের স্বর্ণ কেনার হিড়িক, তবুও কেন কমছে দাম

ব্যাংক ও বিনিয়োগকারীদের স্বর্ণ কেনার হিড়িক, তবুও কেন কমছে দাম

২২ নাকি ১৮ ক্যারেট, কোন স্বর্ণের গয়না কেনা ভালো?

২২ নাকি ১৮ ক্যারেট, কোন স্বর্ণের গয়না কেনা ভালো?

দুবাইফেরত যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ

দুবাইফেরত যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার

এখন কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়?

এখন কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়?

আরও পড়ুন

অলিম্পিকের সোনার পদকে আসলে কতটুকু স্বর্ণ থাকে?

অলিম্পিকের সোনার পদকে আসলে কতটুকু স্বর্ণ থাকে?

৮৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

৮৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

ইয়াসির-নাঈমকে ফিরিয়ে দ. আফ্রিকা সিরিজের দল ঘোষণা

ইয়াসির-নাঈমকে ফিরিয়ে দ. আফ্রিকা সিরিজের দল ঘোষণা

আন্তর্জাতিক ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সেরা ১০ ইনিংস

আন্তর্জাতিক ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সেরা ১০ ইনিংস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম