সেঞ্চুরি করার পরও বাবর আজমকে ভর্ৎসনা করেছিলেন পাকিস্তানের সাবেক কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দলের সেরা ব্যাটারের কাছ থেকে সেরাটা বের করে আনতে পুরো দলের সামনেই বাবর আজমকে তীব্রভাবে সমালোচনা করেছিলেন পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিকি আর্থার। সম্প্রতি এক পডকাস্টে এই চাঞ্চল্যকর ঘটনার কথা প্রকাশ করেছেন তিনি। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তান দলের কোচের দায়িত্বে ছিলেন আর্থার, যখন জাতীয় দলে বাবরের ক্যারিয়ারের শুরুর দিক চলছিল।
'দ্য সুপার ওভার' পডকাস্টে কথা বলার সময় আর্থার জানান, একবার ইংল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে বাবর ৯০ থেকে ১০০ রানে পৌঁছাতে ১৫টি বল খেলেছিলেন। বাবরের সেই মন্থর ব্যাটিং ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলে এবং পাকিস্তান শেষ পর্যন্ত খুব অল্প ব্যবধানে ম্যাচটি হেরে যায়।
ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে সাবেক এই কোচ বলেন, সে সেঞ্চুরি করেছিল। কিন্তু ৯০ থেকে ১০০ রানে যেতে সে ১৫ বল নিয়েছিল। অথচ সেঞ্চুরি করার পরের দুই বলেই সে ছক্কা হাঁকায়। আমরা শেষ ওভারে গিয়ে ম্যাচটি হেরে যাই। আমি সবার সামনে ওই ১৫ বলের সময়টুকু তুলে ধরি, যেখানে আমার মতে সে নিজের সেঞ্চুরির জন্য খেলেছিল। সে যদি ৫ বলে ৯০ থেকে ১০০ করত, তবে আমরা আরও ১০টি বল বেশি পেতাম, যেখান থেকে আরও ১৫ রান আসত এবং আমরা অনায়াসেই ম্যাচটি জিততে পারতাম।
ড্রেসিংরুমের প্রতিক্রিয়ার কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘আমার মনে আছে আমি তাকে সরাসরি প্রশ্ন করেছিলাম এবং ড্রেসিংরুমের সবাই অবাক হয়ে ভাবছিল, 'আরে, তুমি তো বাবরকে এভাবে বলতে পারো না!' কিন্তু না, ওই মুহূর্তটার কারণেই আমরা ম্যাচটি হেরেছিলাম।’
তবে বাবরের প্রতি আর্থারের সেই কড়া বার্তা শেষ পর্যন্ত দারুণ কাজে দিয়েছিল। এর ফলস্বরূপ ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে এক দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান এই তারকা ব্যাটার।
সেই স্মৃতিচারণ করে আর্থার বলেন, আমরা বিশ্বকাপে গেলাম এবং এজবাস্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সে একটি সেঞ্চুরি করল। ওটা ছিল সেরা সেঞ্চুরি, আজও ওই ইনিংসের কথা ভাবলে আমার গায়ে কাঁটা দেয়। লকি ফার্গুসনের বলে কাট করে চার মেরে সে সেঞ্চুরি পূর্ণ করেছিল। আমার মনে আছে, সে উইকেটে দৌড়ে এসে ড্রেসিংরুমের দিকে ব্যাট উঁচিয়ে ধরেছিল। আর আমি তখন বলে উঠেছিলাম, 'ইয়েস! আমার বার্তাটা ঠিক জায়গায় পৌঁছেছে!'
উল্লেখ্য, সাম্প্রতিক ইতিহাসে পাকিস্তানের অন্যতম সফল কোচ মিকি আর্থার। তার অধীনেই ২০১৭ সালে নিজেদের সর্বশেষ আইসিসি শিরোপা (চ্যাম্পিয়ন্স ট্রফি) জিতেছিল পাকিস্তান।

