Logo
Logo
×

Advertisement

খেলা

প্রথমে রাজি না হলেও পরে কেন নেতৃত্ব দিতে সম্মত হন রোহিত ?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:০২ পিএম

প্রথমে রাজি না হলেও পরে কেন নেতৃত্ব দিতে সম্মত হন রোহিত ?

Advertisement

তিন বছরের বিরতির পর আবারও মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়কত্বে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা। তবে পাঁচবারের আইপিএলজয়ী এই অধিনায়ক জানিয়েছেন, নেতৃত্ব ফিরে পাওয়ার কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা থেকে তিনি এই দায়িত্ব নেননি। মূলত গত কয়েক মৌসুমের কঠিন সময় কাটিয়ে দলকে সঠিক দিক-নির্দেশনা দেওয়ার তাগিদ থেকেই তিনি রাজি হয়েছেন।

আইপিএলের ২০২৭ আসরকে সামনে রেখে শুক্রবার রোহিতকে পুনরায় মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। পেসার অর্শদীপ সিংয়ের বিনিময়ে ট্রেডের মাধ্যমে পাঞ্জাব কিংসে যোগ দেওয়া হার্দিক পান্ডিয়ার স্থলাভিষিক্ত হলেন তিনি।

ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনার সঙ্গে আলোচনা এবং দলের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবার পরই রোহিত এই সিদ্ধান্ত নেন। তবে শুরুতে এই দায়িত্ব নেওয়ার ব্যাপারে তিনি কিছুটা দ্বিধায় ছিলেন।

এক সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘শুরুতে আমার সত্যিকারের ভাবনা ছিল, আমি এখনই এর জন্য প্রস্তুত নই। আমাকে বাড়ি ফিরে বিষয়টি নিয়ে ভাবতে হবে, কারণ ইতোমধ্যে অনেক কিছুই ঘটে গেছে। তাই এই দায়িত্ব নেওয়ার মতো মানসিক অবস্থায় আমি আছি কি না, তা নিয়ে সন্দিহান ছিলাম।’

তবে শেষ পর্যন্ত দলের স্বার্থেই তিনি এগিয়ে আসার সিদ্ধান্ত নেন। রোহিত যোগ করেন, ‘কিন্তু এরপর ভেতর থেকে এমন একটা অনুভূতি হলো যে, আমি বলছি না এই দলের নেতা হিসেবে আমাকেই প্রয়োজন, তবে এই মুহূর্তে দলটির একটি সঠিক দিকনির্দেশনা দরকার। আর সেই দিকনির্দেশনা দেওয়ার দায়িত্ব যদি আমার ওপর আসে, তবে দলকে সামনে এগিয়ে নিতে পারলে আমি ভীষণ খুশি হবো।’

'এটি আসল মুম্বাই ইন্ডিয়ানস নয়'

মুম্বাই ইন্ডিয়ানসের সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সের প্রেক্ষাপটেই রোহিতের এই প্রত্যাবর্তন। ২০২০ সালে শিরোপা জয়ের পর থেকেই নিজেদের চেনা ছন্দ হারিয়ে খুঁজছে ফ্র্যাঞ্চাইজিটি। রোহিতের অধীনে ২০২১ সালে পঞ্চম এবং ২০২২ সালে দশম স্থানে থেকে আসর শেষ করে তারা। ২০২৩ সালে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠলেও সেবার নেতৃত্ব বদলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ এবং রোহিতের জায়গায় হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হয়।

তবে নেতৃত্বের এই পরিবর্তনেও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। ২০২৪ সালে দশম, ২০২৫ সালে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২০২৬ মৌসুমে নবম স্থানে থেকে আসর শেষ করে মুম্বাই। দলের এমন ভরাডুবিতে খেলোয়াড়রাও হতাশ ছিলেন বলে জানান রোহিত।

তিনি বলেন, আইপিএল শেষ হওয়ার পরপরই আমাদের মধ্যে প্রচণ্ড হতাশা কাজ করছিল। শুধু আমি নই, আমরা যেভাবে খেলছিলাম তা নিয়ে আরও অনেক খেলোয়াড়ই বেশ হতাশ ছিল। আমি বাড়ি ফিরে ভাবলাম, এটি তো সেই দল নয় যা একসময় ছিল। আমাদের সেই পুরোনো রূপে ফিরতে হবে। যেকোনো দলই যখন চূড়ান্ত সাফল্য দেখে, তখন এমন খারাপ সময় আসতেই পারে।

৩৯ বছর বয়সী এই তারকা ব্যাটারের মতে, প্লে-অফে উঠতে না পারার চেয়েও দল হিসেবে ভালো খেলতে না পারাটাই ছিল সবচেয়ে বড় হতাশার। তিনি বলেন, ‘হতাশাটা কোয়ালিফিকেশন নিয়ে ছিল না। হতাশা ছিল আমরা ঠিকমতো খেলতে পারছিলাম না। যার ওপর যে দায়িত্ব ছিল, তা সঠিকভাবে পালন হচ্ছিল না। যখন আপনি হারতে থাকেন, তখন ছন্দ আপনার পক্ষে থাকে না। প্রতিপক্ষ দলগুলো ভালো খেলে এবং চাপ সৃষ্টি করে, আর আমরা সেই চাপ সামলাতে পারছিলাম না। এটি কেবল দু-একজন খেলোয়াড়ের ব্যর্থতা নয়, পুরো মুম্বাই দলই ব্যর্থ হচ্ছিল।

নিজের হাতে গড়া দল

ফ্র্যাঞ্চাইজি মালিক আকাশ আম্বানি এবং ব্যবস্থাপনার অন্য সদস্যদের সঙ্গে বৈঠকের আগে নিজের স্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেন রোহিত। এক দশকেরও বেশি সময় ধরে দলটিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এবং দলের প্রতি ভালোবাসা থেকেই তিনি পুনরায় চ্যালেঞ্জটি গ্রহণ করেন।

রোহিত বলেন, সবকিছু ভাবার পর আমার মনে হলো, এই দলটি তো তোমারই গড়া। দীর্ঘ ১০ বছর তুমি এই দলকে নেতৃত্ব দিয়েছ। আমার মনে হয়, সময় এসেছে আরও একবার সেই চ্যালেঞ্জটি গ্রহণ করার।

গত পাঁচ মৌসুমের মধ্যে তিনবারই পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আসর শেষ করায় দর্শক হয়ে বসে থাকতে পারেননি তিনি। রোহিত বলেন, গত পাঁচ মৌসুমের মধ্যে তিনবারই মুম্বাইকে টেবিলের তলানিতে থাকতে দেখাটা কষ্টের। এর মধ্যে একবার আমার সময়ে (২০২২ সালে) হয়েছিল, এরপর ২০২৪ এবং ২০২৬ সালে। এটি মুম্বাই ইন্ডিয়ানসের আসল রূপ নয়। মুম্বাই এর জন্য পরিচিত নয়।

পরিসংখ্যান ও আগামীর চ্যালেঞ্জ

২০১৩ সালে মুম্বাইয়ের অধিনায়ক হওয়ার পর দলটিকে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে শিরোপা জেতান রোহিত। সাবেক দল ডেকান চার্জার্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করা এই ডানহাতি ব্যাটার এখন পর্যন্ত ২৮১ ম্যাচে দুটি সেঞ্চুরি ও ৪৯টি হাফ-সেঞ্চুরিসহ ৭,৩২৯ রান করেছেন। টুর্নামেন্টের ইতিহাসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলির (২৮৩ ম্যাচে ৯,৩৩৬ রান) পরই দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

অধিনায়কত্বে ফিরেই রাতারাতি সব বদলে দেওয়ার কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন না রোহিত। ভিন্ন ভিন্ন পরিবেশ থেকে আসা খেলোয়াড়দের এক সুতোয় গেঁথে দল পরিচালনা করাকে বেশ কঠিন চ্যালেঞ্জ বলেই মনে করেন তিনি।

রোহিত বলেন, আমি এখানে বসে এটা বলব না যে, আমি চলে এসেছি আর এখনই সব বদলে যাবে। যেকোনো দলকে নেতৃত্ব দেওয়া কখনোই সহজ কাজ নয়। বিশেষ করে আইপিএলে এটি সবচেয়ে কঠিন, কারণ এখানে নানা ধরনের মানুষ একসঙ্গে খেলতে আসে।

তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দলকে পুরোনো গৌরব ফিরিয়ে দিতে মুখিয়ে আছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ানসের এক বিবৃতিতে রোহিত বলেন, আইপিএলের ২০তম আসর এবং সামনের চ্যালেঞ্জগুলোর জন্য আমি প্রস্তুত। আমাদের 'পল্টন' (সমর্থকগোষ্ঠী)-কে উদযাপনের অনেক মুহূর্ত উপহার দিতে চাই। আমাদের মূল লক্ষ্য থাকবে নিজেদের চেনা ব্র্যান্ডের ক্রিকেট খেলা, একসঙ্গে লড়াই করা এবং খেলাটাকে উপভোগ করা।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কলকাতায় মমতার দলের সদর দপ্তর সিলগালা

কলকাতায় মমতার দলের সদর দপ্তর সিলগালা

আসামে সরকারি অফিসে জিনস-চটি নিষিদ্ধ

আসামে সরকারি অফিসে জিনস-চটি নিষিদ্ধ

শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন ৩ পথ

শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন ৩ পথ

সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে নতুন বিতর্ক, আদালতে পুলিশ

সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে নতুন বিতর্ক, আদালতে পুলিশ

বাংলাদেশকে কেন পরাজিত করতে পারবে না ভারত, জানালেন নিরাপত্তা বিশ্লেষক আবু রুশদ

বাংলাদেশকে কেন পরাজিত করতে পারবে না ভারত, জানালেন নিরাপত্তা বিশ্লেষক আবু রুশদ

আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা

আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা

আরও পড়ুন

প্রথমে রাজি না হলেও পরে কেন নেতৃত্ব দিতে সম্মত হন রোহিত ?

প্রথমে রাজি না হলেও পরে কেন নেতৃত্ব দিতে সম্মত হন রোহিত ?

এবিজি মিডিয়া কাপ ফুটবল শুরু ১ ডিসেম্বর

এবিজি মিডিয়া কাপ ফুটবল শুরু ১ ডিসেম্বর

সেঞ্চুরি করার পরও বাবর আজমকে ভর্ৎসনা করেছিলেন পাকিস্তানের সাবেক কোচ

সেঞ্চুরি করার পরও বাবর আজমকে ভর্ৎসনা করেছিলেন পাকিস্তানের সাবেক কোচ

লজ্জার নজিরে কোহলিকে পেছনে ফেললেন যশস্বী

লজ্জার নজিরে কোহলিকে পেছনে ফেললেন যশস্বী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম