সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ক্রিকেটে এক বর্ণাঢ্য অধ্যায়ের ইতি ঘটতে চলেছে আগামী ফেব্রুয়ারিতে। দেশের টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় নাম মুশফিকুর রহিম অবসরের ঘোষণা দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হবে তার শেষ ম্যাচ। তবে তার এই অবসরের ঘোষণা চাপের মুখে কি না, তা নিয়ে কানাঘুষা চলছে এখন।
শেষ কিছু দিনে মুশফিকের ব্যাটটা ঠিক তার পক্ষে কথা বলছে না। মে’তে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর থেকে ১২ ইনিংসে সেঞ্চুরি নেই, ফিফটি মোটে একটি, তার ওপর আবার এক অঙ্কে আউট হয়েছেন ৪ ইনিংসে। এই সময়ে তার রান ২৯৯, গড়টা ২৯.৯০ হলেও তা ঠিক মুশফিকসুলভ নয়।
অভিষেকের পর থেকে খুব কম সময়ই হয়েছে যখন মুশফিক চোটের কারণে বাদ পড়েছেন। অথচ শেষ ৩ মাসে এমন পরিস্থিতি হয়েছে ২ বার। আঙুল ও কুঁচকির চোটের কারণে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ২ ম্যাচে খেলতে পারেননি তিনি।
সব মিলিয়ে পরিস্থিতিটা যখন খারাপ, তখনই বাড়ছিল সমালোচনার তোড়। প্রধান নির্বাচক হাবিবুল বাশারের অভিমত, তার অবসরের সিদ্ধান্ত এই সমালোচনার চাপে হলেও হতে পারে।
তিনি সম্প্রতি একটি পত্রিকাকে বলেছেন, ‘বিষয়টিতে আমি খানিকটা হতাশ। কারণ শেষ কিছু দিনে যে সমালোচনা হয়েছে, তার কারণে এই সিদ্ধান্ত এসেছে কি না, আমি জানি না।’
তিনি আরও বলেন, ‘আমি আশা করছিলাম যে এই চক্রটা শেষ করবে। লর্ডসে শেষ টেস্টটা খেলবে, আর এরপর অবসর… বা তার কথা ভাববে।’
এরপর সমালোচকদেরও একহাত নিয়েছেন হাবিবুল। তিনি বলেন, ‘মুশফিকের ক্যারিয়ার গড় যেখানে ৩৮ (৩৮.৮০), সেখানে তার এই বছরের গড় ৩৯ (৩৯.৪২)। এরপরও আমরা কী করলাম? এই দুই ম্যাচের পর তাকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলাম। বিষয়টা বেশ দুর্ভাগ্যজনক।’
লর্ডসে ২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। প্রায় ২২ বছর পর এবার ২০২৭ সালের জানুয়ারিতে একই দলের বিপক্ষে পর্দা নামবে তার দীর্ঘ ক্যারিয়ারের।
দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ ও সর্বোচ্চ রানের কৃতিত্ব মুশফিকের। ১০৮ টেস্ট খেলে ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
