‘সামর্থ্যের ঘাটতি তো অবশ্যই আছে’, দলের ব্যর্থতা স্বীকার শান্তর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে গত আগস্টে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই জয়ের পর থেকেই যেন ছন্দ হারিয়েছে দলটি। পরবর্তী ছয় টেস্টে কোনো জয় নেই, হারের সংখ্যা চার। সব সংস্করণ মিলিয়ে টানা ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ।
সাফল্যের সেই উজ্জ্বল মুহূর্তের পর এমন পতনে দলের সামর্থ্য নিয়েই প্রশ্ন উঠছে। এবার নিজেদের সীমাবদ্ধতার কথা অকপটে স্বীকার করলেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে আড়াই দিনেই ইনিংস ও ২১৯ রানে হেরেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে দেড় সেশনের বেশি খেলা না হওয়ায় ম্যাচের স্থায়িত্ব কিছুটা বেড়েছিল। তা না হলে আরও দ্রুতই শেষ হতে পারত বাংলাদেশের পরাজয়।
জোহানেসবার্গে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করেও ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। সেই হারের পর সেঞ্চুরিয়নে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা থাকলেও প্রোটিয়া পেসারদের সামনে দাঁড়াতেই পারেননি ব্যাটাররা। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হওয়ার পর ম্যাচে ফেরার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়।
এরপর বোলিং ও ফিল্ডিংয়েও প্রত্যাশা পূরণ করতে পারেনি সফরকারীরা। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৪৯৪ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশকে চাপে ফেলে। সেই চাপ সামলে দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেনি শান্তর দল। শেষ পর্যন্ত ১৮৪ রানে গুটিয়ে গিয়ে বড় পরাজয় মেনে নিতে হয় তাদের।
ডারউইনের ঐতিহাসিক জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু সাম্প্রতিক ব্যর্থতায় সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে।
দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর সংবাদ সম্মেলনে দলের সামর্থ্যের সীমাবদ্ধতার কথা স্বীকার করেন শান্ত। তিনি বলেন, ‘সামর্থ্যের তো অবশ্যই ঘাটতি আছে। এটা স্বীকার করতেই হবে। তবে আমি মনে করি, আমরা মাঝখানে ভালো ক্রিকেটও খেলেছি। একটু আগে যেটা বললাম, নিয়মিত ওই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ।’
সামনের দিনগুলোতে ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। পরবর্তী টেস্ট সিরিজের আগে পাওয়া বিরতিটাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘ম্যাচে হার-জিত থাকবেই। আমাদের খুঁজে বের করতে হবে, কোন জায়গায় আসলে ঘাটতি আছে। এই টেস্ট সিরিজের পর পরবর্তী টেস্ট সিরিজের আগে আমাদের হাতে কিছুদিন সময় আছে। তাই ভুলগুলো খুঁজে বের করে কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ।’
দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট নন শান্ত। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই উন্নতির প্রয়োজন দেখছেন তিনি। তার ভাষ্য, ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। এই তিন জায়গাতেই আমরা ভালো করতে পারিনি। আমার মনে হয়, এই তিন জায়গাতেই আমাদের উন্নতির অনেক সুযোগ আছে। সবসময় আমরা উন্নতির কথা বলি, কিন্তু এবার তা কাজে করে দেখাতে হবে।’

