Logo
Logo
×

Advertisement

খেলা

ভিএআরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে পচেত্তিনোর ক্ষোভ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

ভিএআরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে পচেত্তিনোর ক্ষোভ

মরিসিও পচেত্তিনো। ছবি: সংগৃহীত

Advertisement

লিভারপুলের বিপক্ষে লেনি ইয়োরোর লাল কার্ড বাতিল হলেও ম্যাচের রেফারিং নিয়ে অসন্তোষ কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মরিসিও পচেত্তিনোর। বিশেষ করে ভিএআরের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শুধু ইয়োরোর বহিষ্কারই নয়, লিভারপুলের প্রথম গোলের বৈধতা নিয়েও আপত্তি জানিয়েছেন আর্জেন্টাইন এই কোচ।

রোববার অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিক লিভারপুলের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের অষ্টম মিনিটে আলেকজান্ডার ইসাককে বক্সের বাইরে ফাউল করার ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেন ইয়োরো। তবে সিদ্ধান্তটির বিরুদ্ধে ইউনাইটেডের আপিল গ্রহণ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ভুলভাবে বহিষ্কারের অভিযোগে করা আপিল সফল হওয়ায় ইয়োরোর এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। কার্ড বাতিলের বিস্তারিত কারণ পরে জানাবে স্বাধীন নিয়ন্ত্রক কমিশন।

ম্যাচ শেষেই ইয়োরোর লাল কার্ড নিয়ে আপত্তি তুলেছিলেন পচেত্তিনো। তার দাবি, ফাউলের সময় ইসাক বলের নিয়ন্ত্রণে ছিলেন না। ফলে ওই ঘটনায় সরাসরি লাল কার্ড দেখানোর যৌক্তিকতা ছিল না। নিজেদের অবস্থান শক্ত করতে ইসাকের সর্বোচ্চ গতির তথ্যও এফএর কাছে জমা দিয়েছিল ইউনাইটেড।

মাঠের রেফারি স্যাম ব্যারটের ভুলের বিষয়টি কিছুটা স্বাভাবিকভাবে নিলেও ভিএআর কর্মকর্তাদের ভূমিকা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পচেত্তিনো। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং লিসবনের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি ভীষণ হতাশ। এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রেফারি ভুল করতে পারেন, সেটা আমরা বুঝি। কিন্তু ভিএআর থাকার পরও কর্মকর্তারা কী করছিলেন? এখন কি আমরা ম্যাচটি আবার খেলতে পারব? ১১ জন নিয়ে মাঠে নামার সুযোগ কি পাব? অবশ্যই না।’

ভিএআর প্রযুক্তির ব্যবহার নিয়েও কটাক্ষ করেছেন ইউনাইটেড কোচ। তার মতে, শুধু উন্নত প্রযুক্তি থাকলেই হবে না, সেটি পরিচালনার মতো দক্ষতাও থাকতে হবে। পচেত্তিনোর ভাষায়, ‘আমাদের কাছে দারুণ একটি গাড়ি রয়েছে, কিন্তু সেটি চালানোর যোগ্যতাও থাকতে হবে। প্রযুক্তি আছে, আমরা তা মেনে নিয়েছি। কিন্তু এর যথাযথ ব্যবহার হচ্ছে কি?’

লিভারপুলের প্রথম গোল নিয়েও নিজের আপত্তির কথা জানিয়েছেন পচেত্তিনো। তার অভিযোগ, ফ্রি-কিক নেওয়ার সময় ব্র্যাডলি বারকোলা ইউনাইটেডের রক্ষণভাগের দেয়ালের খুব কাছাকাছি অবস্থান করছিলেন। এতে নিয়ম ভঙ্গ হয়েছে বলে মনে করেন তিনি। তাই ডমিনিক সোবোসলাইয়ের করা গোলটি বাতিল হওয়া উচিত ছিল।

এ প্রসঙ্গে পচেত্তিনো বলেন, ‘গোলটি বৈধ ছিল না, অথচ এ নিয়ে কেউ কথা বলছে না। বারকোলা আমাদের রক্ষণভাগের দেয়ালের গা ঘেঁষে দাঁড়িয়ে ছিল। গোলটি বাতিল করা প্রয়োজন ছিল। খেলোয়াড় ও ক্লাবের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। সিদ্ধান্ত ভুল হলে সেটি নিয়ে কথা বলতেই হবে। কিন্তু এখন আমাদের হারানো তিন পয়েন্ট কে ফিরিয়ে দেবে?’

এদিকে, ইয়োরোর লাল কার্ড বাতিলের বিষয়টি সামনে এলেও ম্যাচের রেফারিং নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানাতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। এ জন্য প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এবং রেফারিদের সংস্থা প্রো রেফের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা করছে ক্লাবটি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওল্ড ট্রাফোর্ডে দুঃসময়, এবার কি দ্বিতীয় বিভাগে নামবে ইউনাইটেড?

ওল্ড ট্রাফোর্ডে দুঃসময়, এবার কি দ্বিতীয় বিভাগে নামবে ইউনাইটেড?

অভিষেকেই দুঃস্বপ্ন পচেত্তিনোর, গড়লেন লজ্জার রেকর্ড

অভিষেকেই দুঃস্বপ্ন পচেত্তিনোর, গড়লেন লজ্জার রেকর্ড

তিন হারের পর সিটির ড্র, চেলসিকে ঠুকে দিল লিডস

তিন হারের পর সিটির ড্র, চেলসিকে ঠুকে দিল লিডস

ম্যানচেস্টার সিটির ২০০ কোটি ডলারের ঋণ বাতিল

ম্যানচেস্টার সিটির ২০০ কোটি ডলারের ঋণ বাতিল

‘২ দিন ঘরে তালা দিয়ে শুধু মদ খেতাম’ কেন বললেন ওয়েইন রুনি?

‘২ দিন ঘরে তালা দিয়ে শুধু মদ খেতাম’ কেন বললেন ওয়েইন রুনি?

কঠিন চ্যালেঞ্জ নিয়ে ম্যানইউর নতুন কোচ পচেত্তিনো

কঠিন চ্যালেঞ্জ নিয়ে ম্যানইউর নতুন কোচ পচেত্তিনো

আরও পড়ুন

‘সামর্থ্যের ঘাটতি তো অবশ্যই আছে’, দলের ব্যর্থতা স্বীকার শান্তর

‘সামর্থ্যের ঘাটতি তো অবশ্যই আছে’, দলের ব্যর্থতা স্বীকার শান্তর

ভিএআরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে পচেত্তিনোর ক্ষোভ

ভিএআরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে পচেত্তিনোর ক্ষোভ

ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফেরানোর ‘আক্ষেপ’ হয় গার্দিওলার

ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফেরানোর ‘আক্ষেপ’ হয় গার্দিওলার

ব্যাট-প্যাড তুলে রেখে এবার কোচের ভূমিকায় উইলিয়ামসন

ব্যাট-প্যাড তুলে রেখে এবার কোচের ভূমিকায় উইলিয়ামসন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম