Logo
Logo
×
   

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

কমেন্ট ভয়েস, পোল, একসঙ্গে ৯ টি ছবি, টিকটকে আসছে নতুন ফিচার

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পিএম

কমেন্ট ভয়েস, পোল, একসঙ্গে ৯ টি ছবি, টিকটকে আসছে নতুন ফিচার

টিকটকের কমেন্ট সেকশনে যুক্ত হচ্ছে একাধিক নতুন ফিচার। ব্যবহারকারীদের পারস্পরিক যোগাযোগ আরও সহজ ও প্রাণবন্ত করতে ভয়েস কমেন্ট, পোল, একসঙ্গে একাধিক ছবি এবং লাইভ ফটো কমেন্টের মতো সুবিধা চালু করছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।

এক মিনিটের ভয়েস কমেন্ট 

টিকটকের কমেন্ট ব্যবস্থায় নতুন দুটি সুবিধা যুক্ত হতে যাচ্ছে। এর মধ্যে একটি হলো ভয়েস কমেন্ট। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা টাইপ করে মন্তব্য করার বদলে সরাসরি কণ্ঠে রেকর্ড করা অডিও বার্তা কমেন্ট হিসেবে প্রকাশ করতে পারবেন।

তবে ভয়েসে দেওয়া মন্তব্যের ক্ষেত্রেও টিকটকের বিদ্যমান কমিউনিটি গাইডলাইন প্রযোজ্য হবে। অনুপযুক্ত বা নীতিমালা-বহির্ভূত বক্তব্য শনাক্ত করতে মানুষের পাশাপাশি স্বয়ংক্রিয় প্রযুক্তির সহায়তাও নেওয়া হবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে 

অডিওকে লেখায় রূপান্তরের স্পিচ-টু-টেক্সট প্রযুক্তি ব্যবহার করা হবে।

টিকটকের পরিকল্পনা অনুযায়ী, আগামী এক মাসের মধ্যে বিশ্বজুড়ে ১৮ বছর বা তার বেশি বয়সি ব্যবহারকারীদের জন্য ভয়েস কমেন্ট সুবিধাটি চালু করা হবে।

কমেন্টেই ভোট নেওয়ার সুযোগ

নির্মাতারা কমেন্টের মাধ্যমে ভোট নেয়ার সুযোগ পাবেন। কমেন্টে দর্শকদের চাহিদা পোল, ভয়েজের মাধ্যমে জানতে পারবেন। ফিচারটি এর আগে সীমিত পরিসরে কিছু ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে চালু ছিল। এবার সেটি বিশ্বজুড়ে আরও বিস্তৃতভাবে ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। নির্মাতারা চাইলে ভোট গ্রহণের সময়সীমাও নির্ধারণ করে দিতে পারবেন। ব্যবহারকারীরা ভোট দেওয়ার পরই কমেন্ট সেকশনে পোলের ফলাফল দেখতে পারবেন। 

৯ টি পর্যন্ত ছবি যুক্ত করার সুযোগ

ছবি শেয়ার করার ক্ষেত্রে ফটো ক্যারোসেল কমেন্ট ফিচারের মাধ্যমে একটি কমেন্টে সর্বোচ্চ নয়টি ছবি যুক্ত করা যাবে। ফলে একই কমেন্টে একাধিক ছবি শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। জানা যায় আগামী এক মাসের মধ্যে বিশ্বজুড়ে এই সুবিধা চালু করা হবে।

কমেন্টে লাইভ ফটো

কমেন্টে লাইভ ফটো পোস্ট করার সুবিধাও চালু করেছে টিকটক।  ফলে শুধু স্থির ছবির সঙ্গে, অল্প সময়ের নড়াচড়ার দৃশ্যও দেখা যাবে। অর্থাৎ কোনো ছবি পুরোপুরি দেখার আগে সেটির একটি ছোট ভিডিওর মতো প্রিভিউ দেখা যাবে। লাইভ ফটো কমেন্টের এই সুবিধা ইতোমধ্যে বিশ্বজুড়ে চালু করা হয়েছে।

টিকটকের নতুন এসব উদ্যোগের মূল লক্ষ্য কমেন্ট সেকশনকে আরও ইন্টারঅ্যাকটিভ করে তোলা। এতদিন যেখানে কমেন্ট মূলত লিখিত মতামত জানানোর জায়গা ছিল, সেখানে ভয়েস, পোল, একাধিক ছবি ও লাইভ ফটোর মতো সুবিধা যুক্ত করে ব্যবহারকারীদের অংশগ্রহণ আরও বাড়াতে চাইছে প্ল্যাটফর্মটি।

নতুন ফিচারগুলো চালু হলে ভিডিও দেখার পাশাপাশি কমেন্ট সেকশনেও ব্যবহারকারীদের সক্রিয়তা ও পারস্পরিক যোগাযোগ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম