Logo
Logo
×
   

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

প্রতি ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পিএম

প্রতি ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই

এআই মডেল ‘ওয়েদারনেক্সট ৩’। ছবি: গুগল

Advertisement

আবহাওয়ার পূর্বাভাস প্রযুক্তিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে গুগল। এতদিন আবহাওয়ার পূর্বাভাস মূলত সরকারি আবহাওয়া সংস্থাগুলোর সুপারকম্পিউটারের ওপর নির্ভরশীল ছিল। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত এই খাতেও বড় পরিবর্তন আনছে। সেই ধারাবাহিকতায় গুগল ডিপমাইন্ড ও গুগল রিসার্চ যৌথভাবে তৈরি করেছে নতুন এআই মডেল ‘ওয়েদারনেক্সট ৩’, যা আগের তুলনায় আরও ঘন ঘন এবং নির্ভুল আবহাওয়ার পূর্বাভাস দিতে সক্ষম বলে দাবি করা হয়েছে।

গুগলের তথ্য অনুযায়ী, ভবিষ্যতে এই মডেলের পূর্বাভাস গুগল সার্চ, গুগল ম্যাপস ও জেমিনি প্ল্যাটফর্মে যুক্ত করা হবে। পাশাপাশি গবেষক ও অন্যান্য ব্যবহারকারীরা গুগলের ক্লাউড সেবার মাধ্যমে মডেলটি ব্যবহারের সুযোগ পাবেন।

কেন আলাদা এআই-ভিত্তিক পূর্বাভাস?

প্রচলিত আবহাওয়া পূর্বাভাসে বিশাল সুপারকম্পিউটার ব্যবহার করে বায়ুমণ্ডলের জটিল পদার্থবৈজ্ঞানিক সমীকরণ বিশ্লেষণ করা হয়। এই পদ্ধতি কার্যকর হলেও এতে বিপুল কম্পিউটিং শক্তি ও সময় প্রয়োজন হয়। অন্যদিকে, এআই মডেল বিপুল পরিমাণ অতীতের আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন পরিস্থিতির ধরণ ও পারস্পরিক সম্পর্ক শিখে নেয়। ফলে তুলনামূলক কম সময় ও কম কম্পিউটিং শক্তি ব্যবহার করেই পূর্বাভাস তৈরি করা সম্ভব হয়।   

৫ কিলোমিটার পর্যন্ত সূক্ষ্ম পূর্বাভাস

এআই-ভিত্তিক আবহাওয়া মডেলের একটি বড় সীমাবদ্ধতা ছিল পূর্বাভাসের ভৌগোলিক পরিসর। আগে অনেক মডেল ১৫ থেকে ২৫ বর্গকিলোমিটার এলাকার জন্য পূর্বাভাস দিত। কিন্তু ‘ওয়েদারনেক্সট ৩’ এই সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে উঠেছে।

গুগলের গবেষকদের দাবি, গুরুত্বপূর্ণ কয়েকটি আবহাওয়াগত সূচকের ক্ষেত্রে নতুন মডেলটি ৫ কিলোমিটার পর্যন্ত রেজল্যুশনে পূর্বাভাস দিতে পারে। ফলে নির্দিষ্ট এলাকার আবহাওয়া সম্পর্কে আরও বিস্তারিত ও স্থানীয় পর্যায়ের তথ্য পাওয়া সম্ভব হবে।    

প্রতি ঘণ্টায় হালনাগাদ তথ্য

বৃষ্টির পূর্বাভাস দেওয়া এআই মডেলগুলোর জন্য অন্যতম কঠিন কাজ। গুগলের দাবি, আগের ‘ওয়েদারনেক্সট ২’-এর তুলনায় নতুন সংস্করণটি বৃষ্টির পূর্বাভাসের নির্ভুলতা মূল্যায়নে প্রায় ৬০ শতাংশ উন্নতি করেছে।

এ ছাড়া পূর্বাভাসের সময়ের ব্যবধানেও এসেছে পরিবর্তন। যেখানে অনেক প্রচলিত ব্যবস্থায় ছয় ঘণ্টা পরপর পূর্বাভাস হালনাগাদ করা হয়, সেখানে ‘ওয়েদারনেক্সট ৩’ প্রতি ঘণ্টায় নতুন পূর্বাভাস দিতে সক্ষম।

কৃষি ও নবায়নযোগ্য জ্বালানিতে সম্ভাবনা

এই প্রযুক্তির ব্যবহার শুধু বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা জানার মধ্যেই সীমাবদ্ধ নয়। উন্নত আবহাওয়া পূর্বাভাস কৃষকদের ফসল উৎপাদন পরিকল্পনায় সহায়তা করতে পারে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে, যেখানে উন্নত আবহাওয়া পর্যবেক্ষণ অবকাঠামো ও সুপারকম্পিউটারের ব্যয় বেশি, সেখানে এআই-ভিত্তিক পূর্বাভাস কার্যকর বিকল্প হতে পারে।

একই সঙ্গে বাতাস, মেঘ ও বৃষ্টিপাতের আরও নির্ভুল তথ্য পাওয়া গেলে সৌর ও বায়ুবিদ্যুৎ প্রকল্প পরিচালনা ও পরিকল্পনাও আরও নির্ভরযোগ্য হবে।   

স্যাটেলাইটের নগদ তথ্য সরাসরি ব্যবহার

‘ওয়েদারনেক্সট ৩’-এর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটি প্রতি ঘণ্টায় সংগৃহীত আবহাওয়া স্যাটেলাইটের নগদ তথ্য সরাসরি বিশ্লেষণে ব্যবহার করতে পারে। গুগলের দাবি, বৈশ্বিক উচ্চ রেজল্যুশনের আবহাওয়া পূর্বাভাস তৈরিতে পর্যবেক্ষণ তথ্য সরাসরি যুক্ত করার ক্ষেত্রে এটি প্রথম এআই মডেল।

তবে এই দাবির সঙ্গে সবাই একমত নয়। এআইভিত্তিক আবহাওয়া পূর্বাভাস প্রতিষ্ঠান উইন্ডবোর্ন জানিয়েছে, তাদের ‘ওয়েদারমেশ ৬’ মডেল ২০২৫ সালের শেষ দিক থেকেই আবহাওয়ার বেলুনসহ বিভিন্ন উৎসের পর্যবেক্ষণ তথ্য ব্যবহার করছে। যদিও গুগলের মতে, তাদের মডেলের বৈশ্বিক পূর্বাভাসের রেজল্যুশন তুলনামূলক বেশি উন্নত।

সব মিলিয়ে, ‘ওয়েদারনেক্সট ৩’ সাধারণ মানুষের কাছে আরও দ্রুত, ঘন ঘন এবং স্থানীয় পর্যায়ের আবহাওয়ার তথ্য পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। ফলে বৃষ্টি, ঝড় কিংবা দৈনন্দিন যাতায়াতের মতো ছোট-বড় নানা সিদ্ধান্ত গ্রহণেও ভবিষ্যতে এআইয়ের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সূত্র: টেক ক্র্যান্চ

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম