হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা
Advertisement
আইটি ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
অনলাইন মিটিং ও ভিডিও কলে নতুন সুবিধা নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এবার অ্যাকাউন্ট না থাকলেও এই প্ল্যাটফর্মে ভয়েস বা ভিডিও কলে যোগ দিতে পারবেন ব্যবহারকারীরা। ‘গেস্ট কলিং’ নামের নতুন ফিচারের মাধ্যমে পরিচিতজনদের পাশাপাশি বাইরের ব্যক্তিদেরও কলে আমন্ত্রণ জানানো যাবে। ফলে অনলাইন বৈঠকের ক্ষেত্রে জুম, মাইক্রোসফট টিমস ও গুগল মিটের সঙ্গে প্রতিযোগিতায় আরও এক ধাপ এগোল মেটার মালিকানাধীন এই মেসেজিং অ্যাপ।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন সুবিধায় কল করার জন্য একজনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে। তবে আমন্ত্রণ পাওয়া ব্যক্তির অ্যাকাউন্ট না থাকলেও তিনি কলে যোগ দিতে পারবেন। এ জন্য কোনো ফি দিতে হবে না এবং কলের সময়সীমাও নির্ধারিত নেই।
কীভাবে কাজ করবে গেস্ট কলিং?
গেস্ট কলিং সুবিধায় আমন্ত্রিত ব্যক্তি সরাসরি কলে প্রবেশ করতে পারবেন না। প্রথমে তাকে একটি অপেক্ষমাণ কক্ষে (ওয়েটিং রুম) রাখা হবে। এরপর কলের আয়োজক অনুমতি দিলেই তিনি কলে যোগ দিতে পারবেন। প্রয়োজনে আয়োজক যেকোনো সময় কোনো অতিথিকে কল থেকে সরিয়েও দিতে পারবেন।
ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় কলগুলোতে থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। অতিথিরা অন্য অংশগ্রহণকারীদের ফোন নম্বর দেখতে পারবেন না। তারা নিজেরা কাউকে সরাসরি কলে যুক্ত করতে বা কলের মাধ্যমে বার্তা পাঠাতেও পারবেন না।
তবে অতিথিরা কম্পিউটারের পর্দা শেয়ার করতে পারবেন। এ ছাড়া ‘থাম্বস-আপ’ বা ‘হার্ট’ ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানানো এবং কথা বলার জন্য হাত তোলার সুবিধাও থাকবে। ব্যক্তিগত কলের পাশাপাশি সর্বোচ্চ ৩২ জনকে নিয়ে গ্রুপ কল করা যাবে।
চলতি বছরের শেষ দিকে প্লাগইনের মাধ্যমে গুগল ক্যালেন্ডার ও আউটলুক ক্যালেন্ডারের সঙ্গে সংযোগের সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
যেভাবে তৈরি করবেন কলের লিংক
হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব সংস্করণে পর্যায়ক্রমে সুবিধাটি চালু করা হচ্ছে। ব্যবহার করতে প্রথমে অ্যাপটি আপডেট করতে হবে।
এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন
১. হোয়াটসঅ্যাপ খুলে ‘কলস’ ট্যাবে যান।
২. ওপরের দিকে থাকা প্লাস (+) আইকনে চাপ দিন।
৩. ‘নিউ কল লিংক’ অপশনটি নির্বাচন করুন।
৪. ভয়েস কল বা ভিডিও কল—যেকোনো একটি বেছে নিন।
৫. অতিথিদের প্রবেশের আগে অনুমতি নেওয়ার ব্যবস্থা চালু করতে ‘রিকোয়ায়ার অ্যাপ্রুভাল টু জয়েন’ অপশনটি সক্রিয় করুন।
৬. ‘কপি লিংক’ নির্বাচন করুন। এরপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিংক পাঠান অথবা অন্য কোনো অ্যাপে শেয়ার করুন।
৭. পরে কল করার পরিকল্পনা থাকলে ‘অ্যাড টু ক্যালেন্ডার’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য যোগ করুন।
তবে শেয়ার করা লিংক টানা ৩০ দিন অব্যবহৃত থাকলে সেটির কার্যকারিতা শেষ হয়ে যাবে।
নতুন এই সুবিধার ফলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিদেরও অনলাইন বৈঠকে যুক্ত করা সহজ হবে। বিশেষ করে অফিসের মিটিং, দলীয় আলোচনা ও দূরবর্তী যোগাযোগে ফিচারটি কার্যকর হতে পারে।
সূত্র: হিন্দুস্তান টাইমস

-6ad0f54f5759e.jpg)