এআই দিয়ে ওয়েবসাইট তৈরিতে নতুন সুবিধা আনছে ফিগমা
Advertisement
আইটি ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পিএম
ডিজাইন প্ল্যাটফর্ম ফিগমা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকশা তৈরি ও ওয়েবসাইট নির্মাণের কাজ আরও সহজ এবং নিয়ন্ত্রণযোগ্য করতে নতুন কয়েকটি ফিচার চালু করেছে ডিজাইন প্ল্যাটফর্ম ফিগমা। নতুন সুবিধাগুলোর মধ্যে রয়েছে নকশার নিয়ম ও নির্দেশনা সংরক্ষণের জন্য মার্কডাউনভিত্তিক এডিটর, কোডের মাধ্যমে ইন্টারঅ্যাকটিভ প্রোটোটাইপ তৈরির সুযোগ এবং ওয়েবসাইটের কনটেন্ট ব্যবস্থাপনার নতুন ব্যবস্থা।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় শুরু হওয়া কনফিগ সম্মেলনের ভারতীয় সংস্করণে এসব ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এ নিয়ে গত বুধবার প্রতিবেদন প্রকাশ করে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ।
ফিগমার নতুন ফিচারটির নাম ‘ফিগমা স্পেকস’। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্র্যান্ডের নকশার ধরন, নিয়ম ও নির্দেশনা সহজ ভাষায় লিখে সংরক্ষণ করতে পারবে। এসব নির্দেশনা ডিজাইনারদের পাশাপাশি এআই এজেন্টের কাজেও সহায়ক হবে। ফলে এআই দিয়ে নকশা তৈরির সময় ব্র্যান্ডের নির্ধারিত নীতিমালা ও নকশার ধরন বজায় রাখা সহজ হবে।
ফিগমা স্পেকস আলাদা ফাইল হিসেবে সংরক্ষণ করা যাবে। পাশাপাশি ডিজাইনের ক্যানভাসেও এটি ব্যবহার করা যাবে। এতে ক্যানভাসের বিভিন্ন উপাদান, কোডের অংশ এবং ফিগজ্যাম ডায়াগ্রাম যুক্ত করার সুযোগ রয়েছে। এ ছাড়া ডিজাইন লাইব্রেরি, কোড লাইব্রেরি ও নকশাসংক্রান্ত নির্দেশনা একই জায়গায় রাখা যাবে। ফলে কাজের সময় এআই এজেন্ট প্রয়োজনীয় তথ্য ও নিয়ম সহজে অনুসরণ করতে পারবে।
এদিকে ফিগমা ক্যানভাসে কোড যুক্ত করার সুবিধাও পাবলিক বেটা সংস্করণে উন্মুক্ত করছে প্রতিষ্ঠানটি। এ সুবিধার মাধ্যমে নকশার সঙ্গে সরাসরি কোড যুক্ত করে আরও ইন্টারঅ্যাকটিভ প্রোটোটাইপ তৈরি করা যাবে। ব্যবহারকারীরা এআই এজেন্টকে কোনো নকশা থেকে কোড তৈরি করতে কিংবা কোডের নির্দিষ্ট অংশ পরিবর্তন করার নির্দেশও দিতে পারবেন।
ফিগমার প্রধান ডিজাইন কর্মকর্তা লোরেদানা ক্রিসান বলেন, সফটওয়্যার দলগুলো কী তৈরি করবে এবং কোন পণ্য বাজারে আনবে, তা নির্ধারণের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ফিগমাকে গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি। তাঁর মতে, এআইয়ের কারণে কোড তৈরির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে সেই তুলনায় বাজারে নতুন পণ্য ও ফিচার প্রকাশের সংখ্যা বাড়েনি।
এ ছাড়া ফিগমার মডেল কনটেক্সট প্রটোকল (এমসিপি) সমর্থনে ২০টির বেশি নতুন টুল যুক্ত করা হচ্ছে। এসব টুলের মধ্যে রয়েছে ওপেন কোড, ডায়া, গ্রোক বট এবং ভারতের এআই স্টার্টআপ সারভামের টুল।
ওয়েবসাইটের কনটেন্ট ব্যবস্থাপনা সহজ করতেও নতুন উদ্যোগ নিয়েছে ফিগমা। গত বছর ওপেন সোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পে-লোড অধিগ্রহণ করে প্রতিষ্ঠানটি। এবার সেটিকে ফিগমা মেকের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এর ফলে এআই দিয়ে তৈরি ডায়নামিক ওয়েবসাইটের কনটেন্ট সরাসরি ব্যবস্থাপনা করা যাবে।
যুক্তরাষ্ট্রের বাইরে ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ফিগমার সবচেয়ে বড় বাজার ভারত। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শীর্ষ ১০০ কোম্পানির ৪০ শতাংশ ফিগমা ব্যবহার করে।

