রাশিয়ায় এক সপ্তাহে ইয়ানডেক্সের তিন ডাটা সেন্টারে হামলা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৫:১১ পিএম
রাশিয়ার ভ্লাদিমির শহরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ইয়ানডেক্সের একটি ডাটা সেন্টারে ড্রোন হামলা।
|
ফলো করুন |
|
|---|---|
রাশিয়ার ভ্লাদিমির শহরে ড্রোন হামলার পর প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ইয়ানডেক্সের একটি ডাটা সেন্টারের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। হামলায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে ইয়ানডেক্স। খবর আল জাজিরার।
রাশিয়ার রাজধানী মস্কোর পূর্বে অবস্থিত ভ্লাদিমির শহরের ডাটা সেন্টারটিতে হামলার পর ঘটনাস্থলে পৌঁছান জরুরি বিভাগের কর্মীরা। বর্তমানে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং সিস্টেমগুলো পুনরায় চালুর উপায় খুঁজছে প্রতিষ্ঠানটি। এদিকে ডাটা সেন্টারটির কার্যক্রম বন্ধ থাকায় ইয়ানডেক্সের বেশ কয়েকটি সেবা ব্যবহারে সমস্যায় পড়ছেন গ্রাহকেরা।
টেলিগ্রামে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ইয়ানডেক্স জানায়, ডাটা সেন্টারটির কার্যক্রম সম্পূর্ণ স্থগিত করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে সেবা সচল রাখতে ব্যবহারকারীদের বিকল্প পুনরুদ্ধার পরিকল্পনা সক্রিয় করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন্দ্রটির অবশিষ্ট সম্পদকে অস্থিতিশীল হিসেবে বিবেচনা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি মূল্যায়নের সময় কারিগরি সহায়তা সেবার সঙ্গে যোগাযোগেও বিঘ্ন ঘটতে পারে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রযুক্তিগত অবকাঠামো লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা বৃদ্ধির ধারাবাহিকতায় গত এক সপ্তাহে ইয়ানডেক্সের ডাটা সেন্টারে এটি তৃতীয় হামলার ঘটনা।
এর আগে শুক্রবার (৯ অক্টোবর) মস্কোর দক্ষিণ-পশ্চিমে কালুগা অঞ্চলে ইয়ানডেক্সের একটি ডাটা সেন্টারে ইউক্রেনীয় ড্রোন হামলার খবর জানায় প্রতিষ্ঠানটি। ওই হামলায় কেন্দ্রটির কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়।
এরও এক দিন আগে মস্কোর দক্ষিণ-পূর্বে সাসোভো শহরে ইয়ানডেক্সের আরেকটি ডাটা সেন্টারে হামলা হয়। এতে কেন্দ্রটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ওই ডাটা সেন্টারে ইয়ানডেক্সের এআই মডেল তৈরিতে ব্যবহৃত তিনটি সুপারকম্পিউটারের মধ্যে দুটি রয়েছে।
সাসোভোতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমরা সব সময় পাল্টা জবাব দিই।’ তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেনের ডাটা সেন্টারগুলোতে হামলা চালিয়ে আসছে এবং ইউক্রেনও এর জবাব দিচ্ছে। তবে এ বিষয়ে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান তিনি।
গত এক মাসে ইউক্রেনের বেশ কয়েকটি ডাটা সেন্টার ও টেলিযোগাযোগ অবকাঠামোতে হামলা চালিয়েছে রাশিয়া। এসব স্থাপনার মধ্যে রাজধানী কিয়েভের কেন্দ্রীয় এলাকার কিছু স্থাপনাও রয়েছে।
ধারণা করা হচ্ছে, এসব হামলার লক্ষ্য ইউক্রেনের যোগাযোগব্যবস্থা ও ডিজিটাল বাণিজ্য ব্যাহত করা। তবে ইয়ানডেক্সের ডাটা সেন্টারগুলোতে ধারাবাহিক হামলার ফলে রাশিয়ার ডিজিটাল সেবা ও এআই কার্যক্রমে দীর্ঘমেয়াদে কী প্রভাব পড়বে, তা এখনও স্পষ্ট নয়।
রাশিয়ায় গুগলের সমতুল্য প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ইয়ানডেক্স দেশটির এআই প্রযুক্তির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে প্রতিষ্ঠানটির ডাটা সেন্টারগুলোতে একের পর এক হামলা রাশিয়ার প্রযুক্তিগত অবকাঠামোর জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।

