মানুষের আত্মার ওজন কি ২১ গ্রাম?
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মৃত্যুর পর মানুষের আত্মা শরীর ছেড়ে চলে যায় কি-না, এ নিয়ে যুগ যুগ ধরে বিতর্ক রয়েছে। ধর্মীয় বিশ্বাসে আত্মার অস্তিত্ব গুরুত্বপূর্ণ হলেও এর ওজন মাপার কোনো স্বীকৃত বৈজ্ঞানিক পদ্ধতি নেই। তবে ১৯০৭ সালে যুক্তরাষ্ট্রের এক চিকিৎসক দাবি করেছিলেন, মানুষের আত্মার ওজন ২১ গ্রাম। তার এই দাবি পরে ‘২১ গ্রাম পরীক্ষা’ নামে পরিচিতি পায়।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের হ্যাভারহিলে কর্মরত চিকিৎসক ডানকান ম্যাকডুগাল মৃত্যুর মুহূর্তে মানুষের ওজনের পরিবর্তন পর্যবেক্ষণ করে আত্মার ওজন নির্ধারণের চেষ্টা করেন। তার গবেষণাপত্র প্রকাশিত হয় অ্যামেরিকান মেডিসিন সাময়িকীতে।
পরীক্ষার জন্য তিনি নার্সিং হোমে থাকা মৃত্যুপথযাত্রী ছয়জনকে বেছে নেন। তাদের মধ্যে চারজন যক্ষ্মায়, একজন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। ষষ্ঠ ব্যক্তির মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। মৃত্যুর সময় ঘনিয়ে এলে রোগীদের বিছানাসহ বিশেষ ধরনের বড় ওজন মাপার যন্ত্রে রাখা হয়।
ম্যাকডুগালের দাবি, একজন রোগীর মৃত্যুর মুহূর্তে শরীরের ওজন ২১ দশমিক ৩ গ্রাম কমে যায়। তিনি এটিকে আত্মা শরীর ছেড়ে চলে যাওয়ার সম্ভাব্য প্রমাণ হিসেবে দেখেন। তবে বাকি পাঁচজনের পরীক্ষার ফল তিনি গ্রহণ করেননি। একজনের ওজন মৃত্যুর সময় কমলেও পরে আবার বেড়ে যায়। অন্য দুজনের ক্ষেত্রেও প্রথমে ওজন কমে, পরে আরও বেশি বেড়ে যায়। আরেকটি পরীক্ষায় যন্ত্রের যথাযথ সমন্বয় ছিল না। ষষ্ঠ রোগীর মৃত্যু হয় যন্ত্রের পরিমাপ ঠিক করার সময়।
এরপর ম্যাকডুগাল ১৫টি কুকুরের ওপর একই ধরনের পরীক্ষা চালান। মৃত্যুর সময় তাদের ওজনে কোনো পরিবর্তন তিনি দেখতে পাননি। এ থেকে তিনি ধারণা করেন, মানুষের আত্মা আছে, কিন্তু কুকুরের নেই। তবে তার পরীক্ষার পদ্ধতি ও সিদ্ধান্ত নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।
বিজ্ঞান ও সমাজতত্ত্বের গবেষক ডোনাল্ড এভারহার্টের মতে, পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা খুবই কম ছিল। ফলে ফলাফলকে নির্ভরযোগ্য বলা যায় না। এ ছাড়া আত্মার মতো অধরা বিষয় পরিমাপের জন্য বিছানাসহ ওজন মাপার যন্ত্র কতটা উপযুক্ত ছিল, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
গবেষণাটির আরেকটি বড় দুর্বলতা হলো, অন্য কোনো গবেষক একই পরীক্ষা পুনরায় চালিয়ে ম্যাকডুগালের ফল নিশ্চিত করতে পারেননি। অথচ কোনো বৈজ্ঞানিক দাবির নির্ভরযোগ্যতা যাচাইয়ে পুনরাবৃত্ত পরীক্ষা গুরুত্বপূর্ণ।
ম্যাকডুগালের এই পরীক্ষা ২০০৩ সালের ২১ গ্রাম চলচ্চিত্রসহ বিভিন্ন মাধ্যমে আলোচনায় এসেছে। তবে জনপ্রিয়তা পেলেও আত্মার ওজন ২১ গ্রাম, এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।

-6adf021d7cf24.jpg)