বাসায় ওয়াই-ফাইয়ের গতি কম? স্পিড বাড়ানোর ৫ সহজ উপায়
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাসায় ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে ধীরগতির ওয়াই-ফাইয়ের সমস্যায় পড়েন অনেকেই। অনলাইনে অফিসের কাজ, ভিডিও কল কিংবা সিনেমা দেখা—সব ক্ষেত্রেই ইন্টারনেটের ধীরগতি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। বর্তমানে টেলিভিশন, ল্যাপটপ, মোবাইল, এমনকি স্মার্ট স্পিকারেও ইন্টারনেট ব্যবহারের জন্য বাড়ির ওয়াই-ফাই নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হয়। ফলে একই নেটওয়ার্কে একাধিক ডিভাইস যুক্ত থাকলে ইন্টারনেটের গতিতে প্রভাব পড়তে পারে।
তবে কিছু সহজ কৌশল অনুসরণ করে বাড়িতে ওয়াই-ফাইয়ের গতি বাড়ানো সম্ভব। জেনে নেওয়া যাক পাঁচটি কার্যকর উপায়।
১. রাউটারের অবস্থান ঠিক করুন
ওয়াই-ফাইয়ের গতি অনেকাংশে নির্ভর করে রাউটার কোথায় রাখা হয়েছে তার ওপর। বিশেষজ্ঞদের পরামর্শ, রাউটার ঘরের মাঝামাঝি খোলা জায়গায় রাখতে হবে। এতে বাড়ির বিভিন্ন প্রান্তে সংকেত পৌঁছাতে সুবিধা হয়। দেয়াল কিংবা বড় আসবাবপত্রের আড়ালে রাউটার রাখা উচিত নয়। পাশাপাশি মাইক্রোওয়েভ ওভেনের মতো বৈদ্যুতিক যন্ত্রের কাছ থেকেও রাউটার দূরে রাখতে হবে।
২. দ্রুতগতির ব্যান্ড ব্যবহার করুন
বর্তমানে অধিকাংশ আধুনিক রাউটারে ২.৪ গিগাহার্টজ ও ৫ গিগাহার্টজ—এই দুই ধরনের ব্যান্ড ব্যবহারের সুবিধা রয়েছে। তুলনামূলক দ্রুতগতির ইন্টারনেট, ভিডিও কল ও অনলাইন গেমিংয়ের জন্য ৫ গিগাহার্টজ ব্যান্ড ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে, রাউটার থেকে দূরে থাকা ডিভাইসের জন্য ২.৪ গিগাহার্টজ ব্যান্ড কার্যকর হতে পারে। কারণ, এই ব্যান্ডের সংকেত তুলনামূলক বেশি দূরত্বে পৌঁছাতে পারে।
৩. রাউটার বন্ধ করে আবার চালু করুন
ইন্টারনেটের গতি কমে গেলে রাউটার একবার বন্ধ করে কয়েক মিনিট পর আবার চালু করুন। অনেক সময় রাউটার রিবুট করলে সাময়িক প্রযুক্তিগত সমস্যা দূর হয় এবং সংযোগের গতি স্বাভাবিক হতে পারে। পাশাপাশি কয়েক দিন পরপর রাউটার পুনরায় চালু করলে দীর্ঘ সময় ব্যবহারের কারণে তৈরি হওয়া কিছু সমস্যা সমাধানে সহায়তা করতে পারে।
৪. অপ্রয়োজনীয় ডিভাইস সংযোগ বিচ্ছিন্ন করুন
অনেক সময় একই ওয়াই-ফাই নেটওয়ার্কে প্রয়োজনের তুলনায় বেশি ডিভাইস যুক্ত থাকে। ফলে নেটওয়ার্কের ওপর অতিরিক্ত চাপ পড়ে। রাউটারের অ্যাপ বা সেটিংসে গিয়ে যুক্ত ডিভাইসের তালিকা দেখুন। যেসব ডিভাইস নিয়মিত ব্যবহারের প্রয়োজন নেই, সেগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারেন।
৫. পুরোনো রাউটার পরিবর্তন করুন
অনেক সময় দীর্ঘদিন ব্যবহারের কারণে পুরোনো রাউটারের কার্যক্ষমতা কমে যেতে পারে। সে ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির উন্নত রাউটার ব্যবহার করলে ইন্টারনেটের গতি ও সংযোগের মান উন্নত হতে পারে। তবে নতুন রাউটার কেনার আগে আপনার ইন্টারনেট সংযোগের সক্ষমতা ও প্রয়োজন বিবেচনা করা জরুরি।
এসব পদক্ষেপ নেওয়ার পরও ইন্টারনেটের গতি স্বাভাবিক না হলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) সঙ্গে যোগাযোগ করুন। বাড়ির কোনো অংশে নেটওয়ার্ক সংকেত দুর্বল কি না, কিংবা সংযোগে অন্য কোনো সমস্যা রয়েছে কি না, তা পরীক্ষা করতে বলুন।
তথ্যসূত্র: নিউজ ১৮

-6ae4a75b4a530.jpg)