মঙ্গল গ্রহে বরফের বুকে রহস্যময় ‘গাছের বন’!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
রফে ঢাকা বালুর স্তূপের ওপর ছড়িয়ে রয়েছে গাঢ় রঙের অসংখ্য রেখা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মহাকাশের লাল গ্রহ মঙ্গলে বরফে ঢাকা বিস্তীর্ণ এলাকায় দেখা মিলেছে গাছের মতো অদ্ভুত নকশার। দূর থেকে দেখলে মনে হবে, বরফের চাদরে ঢাকা কোনো অঞ্চলে ঘন বন গড়ে উঠেছে। তবে বিজ্ঞানীরা বলছেন, এগুলো আসলে কোনো গাছ নয়। বরং বরফে ঢাকা বালুর স্তূপের ওপর তৈরি হয়েছে কালো রেখা ও শাখা-প্রশাখার মতো আকৃতি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার (নাসা) মার্স রিকনাইস্যান্স অরবিটার মহাকাশযানের ক্যামেরায় ধরা পড়েছে এই বিস্ময়কর দৃশ্য। মঙ্গলের উত্তর মেরুর কাছাকাছি একটি এলাকায় ছবিটি তোলা হয়েছে। সেখানে বরফে ঢাকা বালুর স্তূপের ওপর ছড়িয়ে রয়েছে গাঢ় রঙের অসংখ্য রেখা।
বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলের শীতকালে কার্বন ডাই-অক্সাইডের বরফে ঢেকে যায় বালুর স্তূপগুলো। বসন্ত এলে সূর্যের আলোয় সেই বরফ উত্তপ্ত হতে শুরু করে। তবে পৃথিবীর মতো গলে পানিতে পরিণত হয় না। সরাসরি কঠিন অবস্থা থেকে গ্যাসে রূপান্তরিত হয়। বিজ্ঞানের ভাষায় এ প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন।
এ সময় বরফের নিচে গ্যাস জমতে থাকায় চাপ বাড়তে থাকে। একপর্যায়ে বরফের উপরিভাগে ফাটল তৈরি হয়। সেই ফাটল দিয়ে গ্যাসের সঙ্গে বেরিয়ে আসে নিচে জমে থাকা কালো বালু। পরে বালুগুলো ঢাল বেয়ে নিচে নেমে আসে। এভাবেই বরফের ওপর তৈরি হয় গাছের শাখা-প্রশাখার মতো অদ্ভুত নকশা।
নাসার প্রকাশিত ছবিতে একটি বালুর স্তূপ থেকে ধুলার মেঘও ওপরে উঠতে দেখা গেছে। বিজ্ঞানীদের ধারণা, হঠাৎ করে বালু ঢাল বেয়ে নিচে নেমে আসার কারণেই ধুলার এই মেঘ তৈরি হয়েছে।
গবেষণায় দেখা গেছে, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মঙ্গলের এসব বালুর স্তূপের আকৃতিও বদলে যায়। কোনো কোনো স্তূপের নিচের অংশ এক মঙ্গলবর্ষে সর্বোচ্চ ৪ দশমিক ৭ মিটার পর্যন্ত এগিয়ে যেতে পারে।
অর্থাৎ দূর থেকে গাছের বন মনে হলেও মঙ্গলের বরফে ঢাকা এই রহস্যময় দৃশ্যের পেছনে রয়েছে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক প্রক্রিয়া। লাল গ্রহের আবহাওয়া, বরফ এবং বালুর গতিবিধি সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে নাসার এই পর্যবেক্ষণ।
তথ্যসূত্র: সামা টিভি

