Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

কিউআর কোডের আড়ালে প্রতারণার ফাঁদ, স্ক্যানের আগে যা যাচাই করবেন

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ এএম

কিউআর কোডের আড়ালে প্রতারণার ফাঁদ, স্ক্যানের আগে যা যাচাই করবেন

ছবি: সংগৃহীত

Advertisement

রেস্টুরেন্টের খাবারের মেন্যু দেখা, দোকানে বিল পরিশোধ কিংবা বিভিন্ন অনুষ্ঠানে নিবন্ধন—প্রায় সব ক্ষেত্রেই বাড়ছে কিউআর (QR) কোডের ব্যবহার। বাংলাদেশেও বাংলা কিউআর, ব্যাংকিং সেবা ও মোবাইল আর্থিক লেনদেনে এই প্রযুক্তির ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। এতে সময় ও ভোগান্তি কমলেও একই সঙ্গে বাড়ছে সাইবার প্রতারণার আশঙ্কা।

কিউআর কোডের অন্যতম ঝুঁকি হলো, স্ক্যান করার আগে এর ভেতরে থাকা তথ্য বা ওয়েবসাইটের ঠিকানা সম্পর্কে সরাসরি ধারণা পাওয়া যায় না। দেখতে একই রকম হলেও কোনো কোড আপনাকে নিয়ে যেতে পারে প্রতিষ্ঠানের আসল ওয়েবসাইটে, আবার কোনোটি হতে পারে প্রতারকদের তৈরি ভুয়া লিংক। এমনকি আসল কিউআর কোডের ওপর নকল কোড বসিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটতে পারে। তাই কিউআর কোড ব্যবহারের আগে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

কোডের ওপর কোনো নকল স্টিকার রয়েছে কি না দেখুন

প্রতারকেরা অনেক সময় দোকান, রেস্টুরেন্ট কিংবা পার্কিংয়ের স্থানে থাকা আসল কিউআর কোডের ওপর নিজেদের তৈরি কোডের স্টিকার লাগিয়ে দেয়। ফলে গ্রাহক টাকা পরিশোধ করতে গিয়ে অজান্তেই প্রতারকের অ্যাকাউন্টে অর্থ পাঠাতে পারেন।

এ ধরনের বিপদ এড়াতে স্ক্যান করার আগে কোডটি ভালোভাবে পরীক্ষা করুন। এর ওপর নতুন কোনো স্টিকার লাগানো হয়েছে কি না কিংবা কোডটি অস্বাভাবিকভাবে স্থাপন করা হয়েছে কি না, তা খেয়াল করুন। সন্দেহ হলে নিজে থেকে লেনদেন না করে প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মীর কাছে বিষয়টি নিশ্চিত হয়ে নিন।

এছাড়া কিউআর কোড স্ক্যান করার পর সরাসরি লিংকে প্রবেশ না করে প্রথমে ওয়েব ঠিকানাটি যাচাই করা জরুরি। সেটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সেবার প্রকৃত ওয়েবসাইট কি না, তা নিশ্চিত হতে হবে। প্রতারকেরা অনেক সময় আসল ওয়েবসাইটের নামের বানানে সামান্য পরিবর্তন এনে নকল সাইট তৈরি করে। মনে রাখতে হবে, ওয়েবসাইটে তালা চিহ্ন বা নিরাপদ সংযোগের সংকেত থাকলেই সেটি যে আসল, এমন নিশ্চয়তা নেই।

পেমেন্টের আগে প্রাপকের নাম ও টাকার পরিমাণ মিলিয়ে নিন

বাংলা কিউআরসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় টাকা পাঠানোর আগে প্রাপকের নাম দেখার সুযোগ রয়েছে। তাই লেনদেন সম্পন্ন করার আগে টাকার পরিমাণের পাশাপাশি প্রাপকের পরিচয়ও যাচাই করতে হবে।

পেমেন্টের পর্দায় দোকান বা প্রতিষ্ঠানের পরিবর্তে অপরিচিত কোনো ব্যক্তির নাম দেখা গেলে লেনদেন করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে কথা বলে সঠিক পেমেন্ট অ্যাকাউন্ট নিশ্চিত করুন।

একইভাবে কোনো কিউআর কোড স্ক্যান করার পর খোলা ওয়েবসাইটে পাসওয়ার্ড, ওটিপি, ব্যাংক কার্ডের তথ্য কিংবা আর্থিক হিসাবের গোপন তথ্য চাইলে সতর্ক হোন। বিশেষ করে অপরিচিত লিংকের মাধ্যমে এসব তথ্য চাওয়া হলে তা এড়িয়ে চলাই নিরাপদ।

পুরস্কার ও পার্সেলের প্রলোভনে পা দেবেন না

এসএমএস, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা ই-মেইলে পাঠানো কিউআর কোডের মাধ্যমে প্রতারণার ঘটনা ঘটতে পারে। অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, টাকা ফেরত পাওয়ার প্রলোভন কিংবা জরুরি তথ্য যাচাইয়ের কথা বলে ব্যবহারকারীকে দ্রুত কোড স্ক্যান করতে বাধ্য করার চেষ্টা করে প্রতারকেরা।

এছাড়া পুরস্কার জেতার দাবি, কুরিয়ার পার্সেল ছাড়ানোর জন্য অর্থ পরিশোধ কিংবা ভুল লেনদেনের টাকা ফেরত পাওয়ার প্রলোভন দেখিয়েও ফাঁদ তৈরি করা হয়।

এ ধরনের বার্তা পেলে তাড়াহুড়ো করে কোনো কোড স্ক্যান করবেন না। বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট, অ্যাপ অথবা গ্রাহকসেবা নম্বরে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করুন।

শুধু কিউআর কোড স্ক্যান করলেই কি ফোন হ্যাক হতে পারে?

কিউআর কোড স্ক্যান করলেই সাধারণত স্মার্টফোন হ্যাক হয়ে যায় না। তবে স্ক্যানের মাধ্যমে কোনো ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য দিলে কিংবা সন্দেহজনক অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করলে নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।

তাই অপরিচিত পোস্টার, লিফলেট, দেয়াল কিংবা বিদ্যুতের খুঁটিতে থাকা কিউআর কোডের উৎস সম্পর্কে নিশ্চিত না হয়ে সেটি স্ক্যান করা উচিত নয়। বিশেষ করে অচেনা কোনো লিংক থেকে অ্যাপ ইনস্টল করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।

ভুল করে সন্দেহজনক কোড স্ক্যান করলে কী করবেন?

কোনো সন্দেহজনক কিউআর কোড স্ক্যান করার পর যদি কোনো ব্যক্তিগত তথ্য না দেন, অর্থ লেনদেন না করেন কিংবা কোনো অ্যাপ ইনস্টল না করেন, তাহলে সাধারণত আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়েবপেজটি বন্ধ করে দিন।

তবে স্ক্যানের পর পাসওয়ার্ড বা গোপন তথ্য দিয়ে থাকলে দ্রুত সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন। ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার তথ্য প্রকাশ হয়ে গেলে দ্রুত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গ্রাহকসেবায় যোগাযোগ করুন। আর কোনো সন্দেহজনক অ্যাপ ডাউনলোড করা হলে সেটি সরিয়ে ফোনের নিরাপত্তাব্যবস্থা ও অ্যাপের অনুমতিগুলো পরীক্ষা করুন।

প্রযুক্তির ব্যবহার সহজ করতে কিউআর কোডের বিকল্প নেই। তবে অসতর্ক ব্যবহারে এই সুবিধাই হয়ে উঠতে পারে প্রতারণার হাতিয়ার। তাই স্ক্যান করার আগে কোডের উৎস, ওয়েবসাইটের ঠিকানা এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে প্রাপকের পরিচয় যাচাই করলেই অনেক অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়ানো সম্ভব।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কিউআর কোডের আড়ালে প্রতারণার ফাঁদ, স্ক্যানের আগে যা যাচাই করবেন

কিউআর কোডের আড়ালে প্রতারণার ফাঁদ, স্ক্যানের আগে যা যাচাই করবেন

হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর নতুন সুবিধা, যেভাবে ব্যবহার করবেন

হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর নতুন সুবিধা, যেভাবে ব্যবহার করবেন

আইসিটি খাতের অনিয়মকারীদের কালো তালিকাভুক্তির দাবি

আইসিটি খাতের অনিয়মকারীদের কালো তালিকাভুক্তির দাবি

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার ‘অডিও স্টিকার’

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার ‘অডিও স্টিকার’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম