আইসিটি খাতের অনিয়মকারীদের কালো তালিকাভুক্তির দাবি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:২২ পিএম
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে ১০ দফা সুপারিশ তুলে ধরে পরিষদ।
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় আইসিটি অবকাঠামো ও ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষায় এ খাতের অনিয়মে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সংস্কার পরিষদ।
একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ১৪ দল এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করার দাবিও জানিয়েছে সংগঠনটি। এ ছাড়া ২০৩৩ সালের মধ্যে দেশের নাগরিক সেবা ও সরকারি দপ্তরের শতভাগ ডিজিটাল রূপান্তর এবং আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির প্রস্তাব দিয়েছে তারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে ১০ দফা সুপারিশ তুলে ধরে পরিষদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের উপদেষ্টা ও বেসিস সহায়ক কমিটির সাবেক কো-চেয়ারম্যান প্রকৌশলী মো. মিজানুর রহমান।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ‘ডিজিটাল বাংলাদেশ’ ও ‘স্মার্ট বাংলাদেশ’-এর নামে লাইসেন্স প্রদান, সরকারি প্রকল্প, হাইটেক পার্ক নির্মাণ এবং ব্যান্ডউইথ কেনাকাটাসহ আইসিটি খাতের বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও অর্থ পাচার হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পরও আগের সরকারের আমলে কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোই বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ পাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।
তাদের আশঙ্কা, এ ধরনের কার্যক্রমের কারণে জাতীয় আইসিটি অবকাঠামো, ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্যের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।
পরিষদের পক্ষ থেকে বলা হয়, জাতীয় ডিজিটাল ট্রান্সফরমেশন রোডম্যাপের আওতায় ২০২৭ থেকে ২০৩৩ সালের মধ্যে দেশের নাগরিক সেবা ও সরকারি দপ্তরের শতভাগ ডিজিটাল রূপান্তর করতে হবে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে আইসিটি খাতে অন্তত ১০ লাখ মানসম্মত কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরি সম্ভব হবে।
দেশে প্রায় চার কোটি তরুণের মধ্যে সরকারি হিসাবে ২১ লাখ বেকার এবং প্রতিবছর বিশ্ববিদ্যালয় থেকে প্রায় সাড়ে সাত লাখ গ্র্যাজুয়েট বের হচ্ছেন উল্লেখ করে বক্তারা বলেন, ডিজিটাল রূপান্তর কর্মসংস্থান সৃষ্টি ও সরকারি সেবার দক্ষতা বাড়াতে ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সহিংসতা, সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু ও ত্বরান্বিত করার দাবিও জানানো হয়।
পরিষদের অভিযোগ, গত এক মাসে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নষ্ট করা হচ্ছে। এসব ঘটনাকে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রতিবেশী একটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ বলে মনে করে সংগঠনটি।
১০ দফা সুপারিশে আরও রয়েছে সাম্প্রতিক হত্যাকাণ্ড, বোমা হামলা ও নাশকতার নিরপেক্ষ তদন্ত, শিল্পাঞ্চল ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনে জবাবদিহি প্রতিষ্ঠা। সরকারি প্রকল্পে স্বচ্ছতা, উন্মুক্ত প্রতিযোগিতা ও সাইবার নিরাপত্তা নিরীক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানের বাধ্যতামূলক অংশগ্রহণ ও প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব দেওয়া হয়।
এ ছাড়া আইসিটি খাতে দক্ষ জনবল নিয়োগ, বেসিসের গঠনতন্ত্র সংস্কার এবং সদস্য ও ভোটার তালিকা পরিশুদ্ধ করে দ্রুত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে পরিষদের উপদেষ্টা রওশান কামাল জেমস, আহ্বায়ক রোকমুনুর জামান রনি, যুগ্ম আহ্বায়ক আবু তাহের ও সদস্যসচিব নাদিম হৃদয় উপস্থিত ছিলেন।

