চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সোমার নতুন গান
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এক দশকেরও বেশি সময় গান করলেও গত মাসে ‘বাবুয়া’ শিরোনামে নিজের প্রথম মৌলিক গান প্রকাশ করেছেন সঙ্গীতশিল্পী কাজী সোমা। এবার তিনি দ্বিতীয় মৌলিক গানে কণ্ঠ দিলেন। এ গানটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লেখা। এরইমধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন করেছেন তিনি। এটি লিখেছেন কামরুল হাসান সোহাগ এবং সুর করেছেন মো. সেলিম। সঙ্গীতায়োজন করেছেন ওয়াহিদুল ইসলাম নয়ন। গানটি প্রসঙ্গে কাজী সোমা বলেন, ‘প্রথমবার চট্টগ্রামের ভাষায় গাইলাম। বিশ্বাস ছিল গানটি আমি গাইতে পারব। তারপরও কিছুটা ভয় তো ভেতরে ছিলই। কিন্তু সবাই এত বেশি অনুপ্রেরণা দিয়েছেন যে, গাইতে তেমন আর কোনো সমস্যাই হয়নি।’ শিগগিরই গানটির মিউজিক ভিডিও নির্মাণ শেষে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এদিকে তার প্রকাশিত প্রথম মৌলিক গানটি নিয়ে শ্রোতা-দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন সোমা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার প্রথম গান হিসেবে যেভাবে ভিউয়ার্স বাড়ছে তাতে আমি খুব খুশি। গানটির জন্য বেশ সাড়া পাচ্ছি আমি। শ্রোতা-দর্শকের প্রতি এজন্য আন্তরিক কৃতজ্ঞতা।’ সম্প্রতি ছবির গানে কণ্ঠ দেয়ার প্রস্তাব পেয়েছেন বলেও জানিয়েছেন সোমা। শিগগিরই বিষয়টি চূড়ান্ত করবেন তিনি।
