করোনায় শুটিং করবেন না মম
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুন ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গত বছরের মার্চ থেকে চলছে করোনাকাল। এ মহামারির আক্রমণ শুরু হওয়ার পর থেকে অনেক কিছুই থমকে আছে। বিশেষ করে গত বছর দীর্ঘ সময় শুটিং বন্ধ ছিল। সে কারণে অভিনয়শিল্পীরাও কাজ বন্ধ করে অবসর সময় কাটান।
তবে লকডাউন উঠে গেলে ঘরবন্দি হয়ে থাকা অনেক অভিনয়শিল্পীই শুটিংয়ে ফেরেন। কিন্তু তখন থেকেই কিছুসংখ্যক অভিনয়শিল্পী শুটিং করছেন না। তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী জাকিয়া বারী মম। নির্মাতাদের অনুরোধে গত এক বছরে হাতেগোনা কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন। এ ছাড়া তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন।
যদিও ছবির শুটিং স্বাস্থ্যবিধি অনুসরণ করেই অভিনয় করেছেন বলে জানিয়েছেন মম। এর কাজ শেষ হওয়ার পর আর শুটিংয়ে দেখা যায়নি জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রীকে। কাজে না ফিরলেও সব সময়ের মতোই অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন নিয়মিত। এর মধ্যে এক খণ্ডের নাটকের সংখ্যাই বেশি। তবে শুটিংয়ে না ফেরার বিষয়ে আগের পরিকল্পনা ধরেই জীবনযাপন করছেন এ অভিনেত্রী।
যুগান্তরের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এখনই পূর্ণোদ্যমে শুটিংয়ে ফেরার পক্ষপাতী নন। এ প্রসঙ্গে মম বলেন, ‘অভিনয় আমার পেশা। তাই এ অঙ্গনের বাইরে কাজ করার কোনো পরিকল্পনা নেই। কিন্তু করোনার কারণে আমি শুটিং করছি না বললেই চলে। করোনাভাইরাস নিয়ন্ত্রণে যতদিন না আসবে ততদিনই এভাবে থাকব। বেঁচে থাকলে ভবিষ্যতে অনেক কাজই করা যাবে। তাই সবাইকে সচেতন হয়ে জীবনযাপন করার অনুরোধ জানাচ্ছি।’ এদিকে মম শুটিং না করলেও তার অভিনীত পুরোনো নাটক গত ঈদে প্রচার হয়েছে। এ ছাড়া অঞ্জন আইচের পরিচালনায় ‘আগামীকাল’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন দুই বছর আগে। ছবিটি সম্প্রতি সেন্সরে জমা পড়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
