‘ভালো মেয়ে’ পরিচয়েই নিজেকে আগলে রেখেছিলেন নাটালি পোর্টম্যান!
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হলিউডে শিশুশিল্পী হিসাবে কাজ শুরু করেই খ্যাতি পেয়েছিলেন নাটালি পোর্টম্যান। কিন্তু অল্প বয়সেই জনপ্রিয়তার পাশাপাশি তাকে মোকাবিলা করতে হয়েছে অস্বস্তিকর এক বাস্তবতা-যৌন আবেদনময়ী হিসাবে উপস্থাপিত হওয়ার চাপ। সেই পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে সচেতনভাবেই গড়ে তুলেছিলেন ‘ভালো মেয়ে, মেধাবী ও গম্ভীর’ একটি ভাবমূর্তি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অস্কারজয়ী এ অভিনেত্রী।
নাটালির সিনেমায় অভিষেক ১৯৯৪ সালে, ‘লিওঁ : দ্য প্রফেশনাল’ সিনেমার মাধ্যমে। অল্প বয়সে অভিনয় করা এটিসহ ‘হিট’ ও ‘বিউটিফুল গার্লস’-এর মতো সিনেমায় তার চরিত্রগুলো ঘিরে তৈরি হয়েছিল নানা আলোচনা। বিশেষ করে তাকে যৌন আবেদনময়ী চরিত্রের সঙ্গে যুক্ত করে দেখানোর প্রবণতা অস্বস্তিতে ফেলেছিল অভিনেত্রীকে।
পেজ সিক্সকে দেওয়া সাক্ষাৎকারে নাটালি বলেন, পর্দায় তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছিল, তার বিপরীতে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করতে চেয়েছিলেন তিনি। তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম সবাই আমাকে ভালো মেয়ে, সংযত, মেধাবী ও পড়াশোনায় মনোযোগী হিসাবে চিনুক।’ নিজের নিরাপত্তার জন্যই এ ভাবমূর্তি তৈরি করেছিলেন বলে জানান তিনি।
এ ক্ষেত্রে মা-বাবার সহযোগিতাও পেয়েছিলেন নাটালি। পর্দার চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের পরিচয় যেন একাকার হয়ে না যায়, সে বিষয়ে তারা সচেতন ছিলেন। লালগালিচার অনুষ্ঠানেও বয়সের সঙ্গে মানানসই পোশাক পরতেন তিনি। পাশাপাশি পড়াশোনাকে গুরুত্ব দিয়েছেন সব সময়।
পরবর্তী সময়ে ‘ব্ল্যাক সোয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য অস্কার জেতেন নাটালি। ‘জ্যাকি’ ছবির জন্যও পান অস্কার মনোনয়ন। তবে তার গম্ভীর ভাবমূর্তির কারণে অনেকেই তাকে বাস্তব জীবনেও অতিরিক্ত সিরিয়াস মনে করেন। বিষয়টি অবশ্য মানতে নারাজ অভিনেত্রী। তার দাবি, তিনি হাসতে ও মজা করতে ভালোবাসেন।
