সিন্ডিকেট ছাড়াই নাবিলার দেড় যুগ
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টিভি নাটকে দেড় যুগ পার করেছেন অভিনেত্রী নাবিলা ইসলাম। এসময় কোনো সিন্ডিকেটের অংশ হননি তিনি, কোনো নায়ক বা প্রযোজকের সঙ্গে প্রেমের সম্পর্কেও জড়াননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাটকের বর্তমান অবস্থা, গল্পের একঘেয়েমি আর নিজের পেশাগত নীতি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। নাবিলা বলেন, ‘শুরু থেকেই কোনো নির্দিষ্ট নায়ক বা পরিচালকের গণ্ডিতে আটকে থাকিনি। ধীরে ধীরে সবার সঙ্গে কাজ করেছি। দলবেঁধে কাজ করার সংস্কৃতিতে আমি কখনো বিশ্বাসী নই। আমি মনে করি, যারা সিন্ডিকেটে বাঁধা পড়ে কাজ করেন, তারা অনেক দিন টিকে থাকতে পারেন না।’
বিনোদন মিডিয়ায় ২০২১ থেকে ২০২৪ সালে ঘটে যাওয়া একাধিক ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, ‘ওই সময় অনেকে ভাইরাল হয়ে, প্রচুর ভিউ পেয়ে হইচই ফেলে দিয়েছেন। কিন্তু কিছুদিন পর আর নাটকে তাদের দেখা যায় না। তাই আমি কখনোই শর্টকাটের পেছনে ছুটিনি। ১৮ বছর ধরে টানা কাজ করছি, এটাই আমার টিকে থাকার বড় প্রমাণ।’
তারকাদের ক্যারিয়ারে প্রেম বিয়ে নিয়েও অনেক ঝামেলা পোহাতে হয়। এসব বিষয় থেকে নিজেকে অনেকটাই মুক্ত বলে মনে করেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি বিবাহিত। প্রেমের প্রতি আমার এক ধরনের অনীহাও ছিল। সেটে বাড়তি আড্ডা কম দিই, কাজের বাইরে যোগাযোগও কম থাকে। তাই অনেকে হয়তো আমাকে ঠিকমতো মূল্যায়ন করেননি। এর জন্য কাউকে দোষ দিই না, এটা আমার মেলামেশার ঘাটতি।’
কাজের ক্ষেত্রে পেশাদারত্ব বজায় রাখতে সবসময় সচেষ্ট থাকেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে নাবিলা বলেন, ‘আমি সময়মতো সেটে আসি, বিনয়ী থাকি, প্রোডাকশনের সাধারণ কর্মীদের আপন করে নিই। কিন্তু এখনকার মিডিয়ায় এ ভদ্রতা ও পেশাদারত্বকে অনেকে দুর্বলতা ভেবে ভুল বোঝেন। এটাই আমার আক্ষেপ। সস্তা প্রচারণা বা সাময়িক ভিউয়ের পেছনে আমি ছুটতে চাই না। সহকর্মী ও শিল্পীদের শ্রদ্ধা আর বিশ্বাস অর্জনই আমার জীবনের বড় পাওয়া।’
বর্তমান নাটকের গল্প আর মান নিয়ে বেশ ক্ষুব্ধ নাবিলা। অসন্তোষ জানিয়ে তিনি বলেন, ‘এখনকার মূল ধারার নাটক শুধু নায়ক-নায়িকা, মানে দুই-আড়াইজন চরিত্রের মধ্যেই আটকে গেছে। অথচ নাটকে প্রতিটি চরিত্রই সমান গুরুত্বপূর্ণ হওয়া উচিত।’ উদাহরণ হিসাবে হুমায়ূন আহমেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তখন পরীক্ষামূলক ও বৈচিত্র্যময় গল্পের নাটক হতো। সেই নাটকে যে স্বাচ্ছন্দ্য ও শিল্পের আনন্দ ছিল, এখনকার কাজে তা পাই না। বিশেষ করে গ্রামের গল্পের নাটকে একই ধরনের স্বামী-স্ত্রীর ঝগড়া আর কিছু নির্দিষ্ট নামের পুনরাবৃত্তি হচ্ছে। মনে হয়, যেন কেজি হিসাবে নাটক বানানো হচ্ছে।’
