Logo
Logo
×

Advertisement

রাজধানীর খবর

বস্তিতে বসবাসে স্বস্তি নেই

চারদিকে অস্বাস্থ্যকর পরিবেশ * আশ্রয় নেয় অপরাধীরা * মাদক রাখার নিরাপদ স্থান

Icon

আল ফাতাহ মামুন

প্রকাশ: ১৯ আগস্ট ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বস্তিতে বসবাসে স্বস্তি নেই

Advertisement

নগরীর ভাসমান ও নিুবিত্ত মানুষের মাথা গোঁজার শেষ ঠিকানা বস্তি। স্বস্তি নেই জেনেও লাখো মানুষ বস্তিকেই বেছে নেয় শ্রান্তি কাটাতে, শান্তির খোঁজে।

দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে টিকে থাকা মানুষগুলো এক সময় জড়িয়ে পড়ে ভয়াবহ অপরাধে। এতে অপরাধের বড়ক্ষেত্রে পরিণত হয়েছে নগরের বস্তিগুলো। আর এসবের পেছনে কলকাঠি নাড়েন ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও স্থানীয় প্রভাবশালীরা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ‘বস্তিশুমারি ও ভাসমান লোক গণনা-২০১৪’ জরিপের প্রতিবেদনে দেখা যায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে ৩ হাজার ৩৯৯টি বস্তি রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বস্তিতে আসার কারণ হিসেবে অর্ধশতাধিক পরিবার বলছে, কাজের সন্ধানে তারা বস্তিতে এসেছে। ২৯ শতাংশ পরিবার বলেছে, তারা দারিদ্র্যের কারণে শহরে এসেছে। এক শতাংশ পরিবার বলেছে, তারা নদী ভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে নিঃস্ব হয়ে বস্তিতে বাস করছে।

এক শতাংশ নারী বলেছে, বিচ্ছেদ হয়ে যাওয়ায় অসহায় হয়ে তারা বস্তিতে বসবাস করছে। দুই শতাংশ পরিবার বলেছে, তারা নিরাপত্তাহীনতার কারণে ভিটেমাটি ও গ্রাম ছেড়েছে, এখন বস্তিতে বসবাস করছে।

দেশের ২২ লাখ ৩২ হাজার মানুষ বস্তিতে বাস করে। তাদের মধ্যে ১১ লাখ ৪৩ হাজার পুরুষ ও নারীর সংখ্যা ১০ লাখ ৮৬ হাজার। এসব মানুষের বেশির ভাগই কাজের সন্ধানে ঘরছাড়া হয়ে শহরের বস্তিতে বসবাস করছে। ১৯৯৭ সালে আগের জরিপটি করা হয়েছিল। তখন দেশে বস্তির সংখ্যা ছিল তিন হাজার। এ হিসাবে দেশে গত ১৭ বছরে বস্তির সংখ্যা বেড়েছে সাড়ে চারগুণ। এসব বস্তি খুবই নিুমানের ও ছোট ছোট ঘরবাড়ি নিয়ে গড়ে উঠেছে। বস্তিতে মূলত ঝুপড়ি, টং, ছই, টিনের ঘর, আধা-পাকা ভবন ও জরাজীর্ণ দালান থাকে। বস্তিতে বিশুদ্ধ পানি পাওয়া খুবই কঠিন ব্যাপার। বস্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে থাকছে মানুষ। একটি টয়লেট ব্যবহার করে গড়ে ১৫ জনের বেশি মানুষ।

গবেষণায় ওঠে আসা তথ্যমতে, অস্বাস্থ্যকর পরিবেশে পরিত্যক্ত ভবনে, পাহাড়ের ঢাল, সড়ক বা রেললাইনের ধারে, সরকারি, আধা-সরকারি বা ব্যক্তিমালিকানাধীন খালি জমিতে গড়ে উঠেছে শহরের বস্তিগুলো। এ ধরনের বস্তির সংখ্যা প্রায় ১৪ হাজার।

নগরীর কড়াইল বস্তিতে টিনের ছোট ছোট ঘরে গাদাগাদি করে থাকছে মানুষ। একটি ছোট ঘরে ১২ জন মানুষের দুটি পরিবার থাকে। কোথা থেকে এসেছেন জানতে চাইলে রাহেলা আক্তার নামে ওই ঘরের এক বাসিন্দা জানান, তারা শরীয়তপুর থেকে এসেছেন। তার স্বামী ভাড়ায় রিকশা চালান। তিনি বাসা-বাড়িতে কাজ করেন। ছয় ছেলে-মেয়ে নিয়ে তাদের আটজনের পরিবারের সঙ্গে ময়মনসিংহ থেকে আসা আরেকটি পরিবার থাকে। ঘরের ভাড়া কত? জানতে চাইলে রাহেলা আক্তার বলেন, এ ঘরের ভাড়া ২ হাজার ৮০০ টাকা। পাশের দোচালা ঘর দেখিয়ে বলেন, আমাদের ঘরের তুলনায় ওই ঘর দুই হাত বড় হওয়ায় ভাড়া ৩ হাজার টাকা। এই ঘর ভাড়া পেতে সিরিয়াল দিয়ে রাখতে হয়।

খোঁজ নিয়ে জানা যায়, এসব ঘরের মালিকানা রয়েছে বিভিন্ন দলের নেতাদের হাতে। ঘরের মালিকরা নগরীর অট্টালিকায় থাকেন, আর মাসে মাসে বস্তি থেকে ভাড়া তোলেন। নগরীর অন্যান্য বস্তির অবস্থাও একই।

স্থানীয় রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে থাকে বস্তির ঘরগুলো। এসব ঘরে অবৈধভাবে নেয়া হয়েছে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ। অবৈধভাবে এসব লাইন থেকে নিয়মিত চার্জ দেয়া হয় ব্যাটারিচালিত অটোরিকশাগুলোতে। যে কোনো সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যেতে পারে পুরো এলাকা।

রাজধানীর বস্তি ঘিরে গড়ে উঠেছে মাদকের অভয়ারণ্য। মাদক একদিন রাখলে ২০০ টাকা পান বলে নাম প্রকাশে অনিচ্ছুক জুরাইন বস্তির এক নারী বাসিন্দা জানান। ওই নারী বলেন, এ বস্তিতে ওঠার পর আশপাশের ঘরে দেখতাম রাতের বেলা এসে ওষুধের কার্টনে ভরে কিছু রেখে যেতে। পরে জানলাম এগুলো ফেনসিডিল। এরপর আমাদের ঘরে টাকার বিনিময়ে রাখতে আসত, কিন্তু আমরা রাখতাম না।

পুলিশের হাঙ্গামায় অনেকেই এগুলো রাখতে ভয় পায়। আর যারা রাখে তারা নিয়মিতই মোটা অঙ্কের টাকা উপার্জন করে। তাদের কখনও পুলিশে ধরতে দেখিনি। তাছাড়া রাজধানীর বস্তিগুলোর শিশু-কিশোররা খুব অল্প বয়সেই অপরাধে জড়িয়ে পড়ছে; যা রাজধানীবাসীর শাস্তি-শৃঙ্খলায় ভয়াবহ প্রভাব ফেলবে বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা।

নগর পরিকল্পনাবিদ মোবাশ্বের হোসেন বলেন, সরকারের জায়গা দখল করে বস্তি নামের ভোটব্যাংক গড়ে তুলছে স্থানীয় প্রভাবশালীরা। যারা ফুটপাত দখল করে ভাড়া তোলে তারা যেমন ফুটপাতে দোকান করে না, ঠিক একইভাবে যারা বস্তি দখল করে তারা বস্তিতে বাস করে না। আর বস্তির মানুষের পুনর্বাসনে যে প্রকল্প নেয়া হয়েছিল তা এখন ধনীদের পুনর্বাসনে ব্যবহার হচ্ছে। এজন্য পরিকল্পনামাফিক শহর গড়া ও শিল্প খাত বিকেন্দ্রীভূত করার পরামর্শ দেন এই নগর বিশেষজ্ঞ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বস্তি উন্নয়ন কর্মকর্তা একেএম লুৎফর রহমান সিদ্দিক যুগান্তরকে বলেন, বস্তি সমস্যা সমাধানে আমরা কাজ করে যাচ্ছি। বস্তির মানুষের জীবনমান উন্নয়নের পরীক্ষামূলক অঞ্চল-৪ এ পরীক্ষামূলক একটি মেগা প্রকল্প শুরু করেছি। এ প্রকল্পে সফল হলে অন্যান্য অঞ্চলেও তা চালু করা হবে। আশা করা যায়, বস্তিকেন্দ্রিক সমস্যা কমে এলে অপরাধও কমে আসবে।

Advertisement

বস্তি

Advertisement

আরও পড়ুন

তিতাস কর্তৃপক্ষ ও পুলিশ নীরব কদমতলীতে রাস্তা খুঁড়ে অবৈধ গ্যাস সংযোগ

কদমতলীতে রাস্তা খুঁড়ে অবৈধ গ্যাস সংযোগ

বিশ্ব নগর দিবস আজ বাড়ছে শহর কমছে স্বস্তি

বাড়ছে শহর কমছে স্বস্তি

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দেন তাহসিফ

পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দেন তাহসিফ

ভবনের ত্রুটি সংস্কার করে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা হবে: রাজউক চেয়ারম্যান

ভবনের ত্রুটি সংস্কার করে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা হবে: রাজউক চেয়ারম্যান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম