আবাসিকে কেমিক্যাল গোডাউন: শিক্ষা নিতে হবে নিমতলী ও চুড়িহাট্টা ট্র্যাজেডি থেকে
সম্পাদকীয়
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কেমিক্যাল গোডাউন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় আবাসিক ভবনগুলো থেকে কেমিক্যালের গোডাউন না সরানোর বিষয়টি উদ্বেগজনক।
উল্লেখ্য, গত বছর রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নারায়ণগঞ্জের প্রশাসন এখানকার কেমিক্যালের গোডাউন সরানোর নির্দেশ দিলে ব্যবসায়ীরা এজন্য ১০ দিন সময় চেয়েছিলেন। এরপর প্রায় এক বছর অতিবাহিত হলেও ব্যবসায়ীরা তাদের প্রতিশ্রুতি যেমন রক্ষা করেননি, তেমনি প্রশাসনও ব্যর্থ হয়েছে তাদের সিদ্ধান্ত বাস্তবায়নে।
২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে অগ্নিকাণ্ডে ১২০ জনেরও বেশি নারী-পুরুষ প্রাণ হারানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশকিছু দিকনির্দেশনা দিয়েছিলেন। সেগুলোর মধ্যে অন্যতম ছিল, পরিকল্পিতভাবে কেমিক্যাল শিল্পজোন গড়ে তুলে পুরান ঢাকার সব কেমিক্যাল গোডাউন সরিয়ে নেয়া এবং দাহ্য কেমিক্যাল আনা-নেয়া বন্ধসহ সেখানে নিরাপদ পরিবেশ গড়ে তোলা।
আট বছরেও প্রধানমন্ত্রীর সেসব নির্দেশনার কিছুই বাস্তবায়িত না হওয়ার অবধারিত ফল হিসেবে নিমতলীর প্রায় এক কিলোমিটারের মধ্যে অবস্থিত চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং এতে অন্তত ৭৮ জনের মৃত্যু ছাড়াও শতকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
নিমতলী ও চুড়িহাট্টা ট্র্যাজেডির পর আমরা আশা করেছিলাম, প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশের আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউনগুলো সরিয়ে নেয়া হবে। কিন্তু পরিতাপের বিষয় হল, অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এর বড় প্রমাণ নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় আবাসিক ভবনে কেমিক্যাল গোডাউনগুলোর বহাল তবিয়তে রয়ে যাওয়া।
ঢাকার কেরানীগঞ্জেও আবাসিক এলাকায় কেমিক্যাল কারখানা রয়ে গেছে এবং সম্প্রতি সেখানে একাধিক অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা ঘেটেছে। দুর্ঘটনা এড়াতে আবাসিক এলাকা থেকে কেমিক্যাল কারখানা ও গোডাউন স্থানান্তরের কোনো বিকল্প নেই। আমরা চাইব, আর যেন নিমতলী বা চুড়িহাট্টার মতো কোনো অগ্নিকাণ্ড, কোনো মৃত্যুর ঘটনা না ঘটে।
নারায়ণগঞ্জের টানবাজার ও পুরান ঢাকাসহ দেশের সব শহরের আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম ও কারখানাগুলো সরিয়ে নিতে হবে অবিলম্বে। এ ব্যাপারে আমরা আর কোনো অজুহাত শুনতে চাই না।
অনেক সময় দেখা যায়, কেমিক্যাল ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা রাজনৈতিক দলের নেতাকর্মী হওয়ায় তাদের বিরুদ্ধে সরকারের অনেক সিদ্ধান্তই কার্যকর হয় না; উপরন্তু আইন প্রয়োগকারী সংস্থার লোকজনও তাদের সমীহ করে চলে।
এভাবে চলতে থাকলে এদেশে কোনোদিনই জনস্বার্থ প্রাধান্য পাবে না। আমরা আশা করব, নিমতলী ও চুড়িহাট্টা ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকাকে কেমিক্যালমুক্ত করতে অচিরেই রাজনৈতিক ও প্রশাসনিকভাবে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
