Logo
Logo
×

Advertisement

সম্পাদকীয়

ভূমিকম্প মোকাবিলার প্রস্তুতি কোথায়

Icon

আর কে চৌধুরী

প্রকাশ: ০২ জুন ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভূমিকম্প মোকাবিলার প্রস্তুতি কোথায়

ফাইল ফটো

Advertisement

শনিবার সিলেটে বেশ কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়। এতে সিলেটজুড়ে দেখা দেয় আতঙ্ক। সাম্প্রতিককালে দেশে বড় মাত্রার ভূমিকম্প হয়নি মানে এই নয় যে আর বড় ভূমিকম্প হবে না। তাই এখনই প্রস্তুতি নিতে হবে।

বর্তমানে আমাদের প্রস্তুতি খুবই কম। মাঝারি ও বড় ভূমিকম্প হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এর মূল কারণ, আমাদের ভবনের সংখ্যা অনেক। ভূমিকম্পের ঝুঁকি কমানোর মূল অস্ত্র হচ্ছে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করা। তবে কেবল বিল্ডিং কোড থাকলেই হবে না, প্রয়োজন এর সফল ও সঠিক প্রয়োগ। ২০০৬ সালের বিল্ডিং কোডের সঠিক প্রয়োগ হয়নি। বিল্ডিং কোড মেনে ভবন নির্মিত হচ্ছে কিনা, তা দেখার জন্য তেমন কোনো কর্তৃপক্ষ ছিল না।

প্রতিবার বিল্ডিং কোডের নতুন সংস্করণ বের করতে অনেক সময় চলে যাচ্ছে। ভূতত্ত্ববিদ ও সিসমোলজিস্টদের মতে, বাংলাদেশে যে কোনো সময় মাঝারি বা বড় মাত্রার ভূমিকম্প হতে পারে। এ জন্য আমাদের কাঠামোগত ও অকাঠামোগত প্রস্তুতি বাড়ানো দরকার এখনই। এর মধ্য দিয়ে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব।

ভূতাত্ত্বিক ও ভূমির গঠন অনুসারে বাংলাদেশ ভূ-কম্পনপ্রবণ অঞ্চল। বিগত ২০০ বছরের ইতিহাসে দেখা যায়, দেশে আটটি বড় ধরনের ভূমিকম্প হয়েছে। এর মধ্যে একটি হয়েছিল ১৮৬৯ সালে সিলেট অঞ্চলের কাছার এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৬। ১৮৮৫ সালের বেঙ্গল ভূমিকম্প, ১৯১৮ সালের শ্রীমঙ্গল, ১৯২৩ সালের দুর্গাপুর ভূমিকম্পের কারণে সিলেট অঞ্চল আগে থেকেই রয়েছে ঝুঁকিতে।

বিশেষজ্ঞদের মতে, দেশের ঘনবসতিপূর্ণ রাজধানীর কাছে ভূমিকম্প হলে তা সাম্প্রতিককালের অন্য সব বিপর্যয়কে ম্লান করে দেবে। বড় ধরনের ভূমিকম্পের ক্ষেত্রে ঢাকার অবস্থান ভূমিকম্পের উৎসস্থল থেকে ৫০ থেকে ৪০০ কিলোমিটারের মধ্যে হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

ভূমিকম্প মোকাবিলায় আমাদের না আছে সচেতনতা, না আছে প্রস্তুতি। বাড়িঘর তৈরিতে নিয়ম-নীতি মানা হয় না। এমন অনেক বহুতল ভবন তৈরি হয়, যেগুলো ভূমিকম্প ছাড়াই হেলে বা ধসে পড়ে। ভূমিকম্প হলে এসব ভবনের অবস্থা কী হবে, তা ভাবতেও কষ্ট হয়। ডোবা-নালা ভরাট করে প্রয়োজনীয় ভিত্তি ছাড়াই ভবন তৈরি করা হয়। ভূমিকম্প হলে উদ্ধার তৎপরতা চালানোর মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই বললেই চলে। বড় বড় শহরে অপরিকল্পিতভাবে এমন সব অলিগলিতে বহুতল ভবন তৈরি করা হচ্ছে, যেখানে উদ্ধারের যন্ত্রপাতি পৌঁছানোই কঠিন। যাদের এসব তদারকি করার কথা, তারা কিছুই করে না। এর ওপর রয়েছে গ্যাস সরবরাহের পাইপলাইন এবং মাথার উপর বিদ্যুতের জঞ্জাল। অনেক বিশেষজ্ঞ মনে করেন, বড় ধরনের ভূমিকম্প হলে ভবন ধসে যত মানুষ মারা যাবে, তার চেয়ে অনেক বেশি মানুষ মারা যাবে বিদ্যুৎ ও গ্যাসলাইন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে। তারপরও আমাদের নগর সম্প্রসারণে সঠিক পরিকল্পনা নেই।

দেশে ভূমিকম্পপ্রবণ এলাকার যে মানচিত্র রয়েছে তাতে সিলেট ও চট্টগ্রাম উচ্চ ঝুঁকিপ্রবণ অঞ্চল। ডাউকি ফল্ট লাইনে থাকা সিলেট অঞ্চলে এর আগে বড় ভূমিকম্প হয়েছিল ১৮৯৭ সালে। রিখটার স্কেলে ৮ মাত্রার উপরের সেই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। কাজেই সিলেট অঞ্চলে নগর পরিকল্পনায় অনেক বেশি সতর্ক থাকতে হবে। যথাযথ পরীক্ষার মাধ্যমে সব ভবনের ভূমিকম্প-প্রতিরোধী সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক করতে হবে। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি আরও জোরদার করতে হবে।

আর কে চৌধুরী : সাবেক চেয়ারম্যান, রাজউক; মুক্তিযুদ্ধে ২ ও ৩ নং সেক্টরের রাজনৈতিক উপদেষ্টা

 

Advertisement

ভূমিকম্প

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক

নাশকতায় আতঙ্কিত দেশ

নাশকতায় আতঙ্কিত দেশ

হাসিনাকে ঠেকাতে ঐকমত্য

হাসিনাকে ঠেকাতে ঐকমত্য

ককটেল ও আগুন সন্ত্রাস রোধ

ককটেল ও আগুন সন্ত্রাস রোধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম