হাসিনাকে ঠেকাতে ঐকমত্য
আইনের শাসনই হোক জবাব
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ডিসেম্বর ঘনিয়ে আসছে, আর রাজনীতির অঙ্গনে একটি প্রশ্ন ঘুরেফিরে আসছে-শেখ হাসিনা কি সত্যিই ফিরবেন? জুলাইয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা তার রয়েছে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামির এমন ঘোষণা জনমনে স্বাভাবিকভাবেই আলোচনা ও গুঞ্জন তৈরি করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, সংবিধান সংশোধনসহ নানা ইস্যুতে মতভেদ থাকলেও বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি এ প্রশ্নে কথা বলছে প্রায় একই সুরে। মঙ্গলবার যুগান্তরে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তিন দলের নেতারা এই ঘোষণাকে বাস্তব উদ্যোগের চেয়ে কর্মীদের চাঙা রাখা এবং রাজনৈতিক চাপ তৈরির ‘স্টান্টবাজি’ হিসাবে দেখছেন। প্রয়োজনে কর্মসূচির কথা বললেও এখনই কোনো পদক্ষেপের পরিকল্পনা তাদের নেই। পরিস্থিতি বুঝে চলার এ অবস্থান সুবিবেচনাপ্রসূত। অতিপ্রতিক্রিয়া দেখালে একটি অনিশ্চিত ঘোষণাকে অযথা বাড়তি গুরুত্ব দেওয়া হয়।
তবে উদ্বেগের কারণ পুরোপুরি দূর হয়নি। সম্প্রতি পোশাক শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার খবর এসেছে। ঢাকাসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ দলটির লোকজন জড়িত বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা। এসব ঘটনা বলছে, ডিসেম্বরকে ঘিরে অস্থিরতা তৈরির চেষ্টা চলতে পারে। শেখ হাসিনার ফেরার ঘোষণাকে পুঁজি করে সহিংসতা ও নাশকতার ঝুঁকি উপেক্ষা করার সুযোগ নেই। এক্ষেত্রে সরকারের দায়িত্ব সুস্পষ্ট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারির সঙ্গে নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। হাসিনার প্রত্যর্পণের আনুষ্ঠানিক প্রক্রিয়াও জোরালো রাখতে হবে। ভারত বারবার জানিয়েছে, প্রত্যর্পণ একটি আইনি প্রক্রিয়ার বিষয়। এক্ষেত্রে কূটনৈতিক তৎপরতাই সবচেয়ে কার্যকর পথ। এছাড়া বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে হবে, যাতে সুবিচারের প্রতিশ্রুতি কথার কথা না হয়। রাজনৈতিক দলগুলোর কাছেও প্রত্যাশা আছে। কোনো কোনো রাজনৈতিক নেতা মন্তব্য করেছেন, হাসিনা ঢুকলে ‘জনগণ তাকে ধরে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে’, ‘জনগণই প্রতিরোধ করবে’ ইত্যাদি। ক্ষোভের জায়গাটি বোধগম্য; কিন্তু ভুলে গেলে চলবে না, কোনো অপরাধী যত ঘৃণিতই হোন, আইন নিজের হাতে তুলে নেওয়ার উসকানি গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য উত্তেজনা বাড়ায়, আর বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের হাতে অজুহাত তুলে দেয়। কথায় ও কাজে সংযম বজায় রাখাই কাম্য। কারণ, জনরোষের নামে বিচারবহির্ভূত সহিংসতা যে কোনো প্রকৃত ন্যায়বিচারের পথ রুদ্ধ করে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশেও বলা প্রয়োজন, দেড় দশকের শাসনামলের জবাবদিহি এখনো অসম্পূর্ণ। ক্ষমা চাওয়া বা দায় স্বীকারের কোনো লক্ষণ দলটির মধ্যে দেখা যায়নি। এ অবস্থায় ককটেল ও অগ্নিসংযোগের পথে রাজনৈতিক পুনর্বাসন হয় না; বরং এতে সাধারণ মানুষের বিরাগই বাড়ে। একই সঙ্গে জনগণকেও গুজব ও আতঙ্কে কান না দিয়ে সজাগ থাকতে হবে। শেখ হাসিনার ফেরা নিয়ে অনিশ্চয়তা আছে; কিন্তু রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোর দায়িত্ব এই অনিশ্চয়তার সুযোগে যে কোনো পক্ষের অরাজকতা সৃষ্টির পথ বন্ধ করা। তিনি আসুন বা না আসুন, বিচার হোক আইনের পথেই।
