ককটেল ও আগুন সন্ত্রাস রোধ
কঠোর পদক্ষেপের বিকল্প নেই
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহণে অগ্নিসংযোগের ধারাবাহিক ঘটনা জননিরাপত্তার জন্য এক উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। সন্ধ্যা নামলেই মোটরসাইকেলে করে দুর্বৃত্তদের আসা, ককটেল বিস্ফোরণ ঘটানো কিংবা বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। শুধু সাধারণ মানুষ বা গণপরিবহণই নয়; থানা, সিআইডি কার্যালয়, আদালত প্রাঙ্গণ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনাও এসব নাশকতার লক্ষ্যবস্তু হচ্ছে।
সাম্প্রতিক কয়েক দিনের ঘটনাপ্রবাহ বলছে, নাশকতাকারীরা পরিকল্পিতভাবে জনমনে ভীতি সৃষ্টি করতে চায়। রাজধানীর বিভিন্ন স্থানে শতাধিক ককটেল বিস্ফোরণ এবং অন্তত ১০টি বাসে অগ্নিসংযোগের ঘটনা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে। রাজধানীর বাইরেও মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, বরগুনাসহ বিভিন্ন স্থানে একই ধরনের নাশকতার ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনায় হতাহতের আশঙ্কা যেমন রয়েছে, তেমনই গণপরিবহণে যাতায়াতকারী সাধারণ মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়ছে। একটি বাসে আগুন লাগলে মুহূর্তের মধ্যে বহু মানুষের প্রাণহানি ঘটতে পারে। অতএব, এসব ঘটনাকে বিচ্ছিন্ন অপরাধ হিসাবে দেখার সুযোগ নেই।
পুলিশ ইতোমধ্যে রাজধানীতে ১৫৮টি অতিরিক্ত চেকপোস্ট বসিয়েছে। মোটরসাইকেল তল্লাশি, ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি এবং অপরাধীদের গ্রেফতারে অভিযানও চলছে। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এতসব পদক্ষেপের মধ্যেও যখন একের পর এক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। শুধু চেকপোস্ট বাড়িয়ে এ ধরনের অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নাশকতার পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা, বিস্ফোরক সরবরাহকারী ও মাঠপর্যায়ের অপরাধীদের শনাক্ত করে পুরো চক্রকে আইনের আওতায় আনতে হবে।
রাজনৈতিক পরিচয় যা-ই হোক, অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে কোনো ছাড় দেওয়া উচিত নয়। প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে বিচার নিশ্চিত করা জরুরি। গণপরিবহণের নিরাপত্তায় বাসমালিকদেরও দায়িত্বশীল হতে হবে। যত্রতত্র বাস পার্কিং বন্ধ, নিরাপদ স্থানে গাড়ি রাখা এবং চালক-শ্রমিকদের সতর্ক থাকার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি জনসাধারণের সহযোগিতা, কার্যকর গোয়েন্দা নজরদারি এবং দ্রুত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করা প্রয়োজন।
মানুষের নিরাপদে চলাচল ও স্বাভাবিক জীবনযাপনের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। অপরাধীদের মনে এমন দৃঢ় ধারণা সৃষ্টি করতে হবে যে, নাশকতা করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখনই সমন্বিত, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
