কমিশনার আসবেন বলে!
বাউফলে পরীক্ষা স্থগিত, ৩ ঘণ্টা রোদে শিক্ষার্থীরা
Advertisement
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালীর বাউফলে বিভাগীয় কমিশনার আসবেন বলে একটি বিদ্যালয়ের টেস্ট পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। সাড়ে ৩ ঘণ্টা রোদে দাঁড়িয়ে থেকে কোমলমতি শিক্ষার্থীরা বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।
সূত্র জানায়, বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান বুধবার বাউফল উপজেলা সফরে আসেন। তার সফরসূচির মধ্যে সকাল ১০টায় বাউফল আদর্শ উচ্চ বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করার কথা। কিন্তু তিনি বেলা দেড়টায় গাড়িবহর নিয়ে বিদ্যালয় পরিদর্শনে আসেন। সকাল থেকে তার আসার অপেক্ষা যেন শেষ হয় না। লাল কার্পেটের দুই পাশে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী কড়া রোদে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা ঠায় দাঁড়িয়ে থাকে। বিদ্যালয়ে প্রবেশ করার সময় শিক্ষার্থীরা তাকে বাদ্যযন্ত্র বাজিয়ে ও ফুল ছিটিয়ে বরণ করে নেয়। বুধবার ওই বিদ্যালয়ে দশম শ্রেণির উচ্চতর গণিত বিষয়ের টেস্ট পরীক্ষা ছিল। বিভাগীয় কমিশনার আসবেন বলে নির্ধারিত ওই পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। আগামী শনিবার স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষার্থীরা জানায়, বিভাগীয় কমিশনার স্যার আসবেন বলে মঙ্গলবার থেকেই আমাদের প্রস্তুত করা হয়েছে। নৃত্য, গান, কবিতা আবৃত্তিসহ নানা কর্মসূচির প্রস্তুতি রাখা হয়েছে। এ কর্মসূচির কারণে মঙ্গলবার থেকেই আমাদের খাওয়া-দাওয়া নেই। বুধবার ভোরে বাসা থেকে না খেয়েই আমরা বিদ্যালয়ে চলে আসি। এরপর ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে থেকে অনেকেই ক্লান্ত হয়ে পড়ে। অনুষ্ঠান শেষে বিকাল ৩টার দিকে বিস্কুট ও শিঙাড়া দেওয়া হয়। দশম শ্রেণির কয়েক শিক্ষার্থী জানায়, বুধবার তাদের উচ্চতর গণিত বিষয়ের টেস্ট পরীক্ষা ছিল। বিভাগীয় কমিশনার স্যার বেলা ১০টায় আসবেন বলে পরীক্ষা স্থগিত করা হয়। তিনি এসেছেন দুপুর দেড়টায়। ইচ্ছে করলে স্কুল কর্তৃপক্ষ সকালে আমাদের পরীক্ষা নিতে পারতেন। এ বিষয়ে বাউফল আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম বলেন, ‘আজ (বুধবার) উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষা ছিল। তারিখ পরিবর্তন করে আগামী শনিবার নেওয়া হয়েছে।’ স্যারের কাছে আমরা কিছু আবদার করেছি। বিদ্যালয়টি খাস জমির ওপর স্থাপিত। এই জমি বিদ্যালয়ের নামে বন্দোবস্ত দেওয়ার দাবি করেছি।
এছাড়া বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল প্রয়োজন। এগুলো স্যার করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বিদ্যালয় পরিদর্শনের সময় বিভাগীয় কমিশনারের সফরসঙ্গী ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক কামাল হোসেন, বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন ও বিভাগীয় কমিশনারের একান্ত সচিব নজরুল ইসলামসহ সরকারি বেশ কয়েকজন কর্মকর্তা। বিভাগীয় কমিশনার ওই বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষের পাঠদান পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। দুপুর ২টায় বিদ্যালয়ের দোতলায় হলরুমে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। বিকাল ৩টার দিকে তিনি বিদ্যালয় ত্যাগ করেন। এর আগে বিভাগীয় কমিশনার দুপুর সাড়ে ১২টার দিকে বাউফল-দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানেও তাকে লালগালিচার অভ্যর্থনা জানানো হয়। সফরসূচি অনুযায়ী বিভাগীয় কমিশনারের সকাল সাড়ে ৮টায় বরিশাল থেকে বাউফলে এসে পৌঁছানোর কথা ছিল। কিন্তু তিনি দুপুর ১২টায় পৌঁছে সরাসরি চলে যান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। সেখান থেকে দুপুর সাড়ে ১২টায় আসেন বাউফল দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তারপর দুপুর দেড়টায় আসেন বাউফল আদর্শ উচ্চ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে।
বিভাগীয় কমিশনার আমিন উল আহসানকে তার মোবাইল ফোনে (০১৭১৩৪৫০০৫৯) কল করা হলে তিনি বলেন, ‘এ মুহূর্তে কথা বলতে পারব না। প্রোগ্রামে আছি। পরে কথা বলব।’ পরে বিভাগীয় কমিশনারের একান্ত সচিব নজরুল ইসলাম বলেন, বুধবার ওই বিদ্যালয়ে কোনো পরীক্ষা ছিল কিনা তা কর্তৃপক্ষ আমাদের অবহিত করেনি। খোঁজখবর নিয়ে বিষয়টি দেখা হবে।
