ঢাকায় আসছে উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের নেতৃত্বে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল আগামী মাসে ঢাকা সফরে আসছে। ওই প্রতিনিধি দলে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র নামও রয়েছে বলে সূত্রে জানা গেছে।
জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন রোববার যুগান্তরকে বলেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অব্যাহতভাবে যুক্ত আছি। এটা ভালো দিক যে, তারা আমাদের বক্তব্যগুলো ইতিবাচকভাবে শুনছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুবিধ সম্পৃক্ততা রয়েছে। এসব বিষয় আলোচনা করার জন্য তারা এবার বাংলাদেশ সফরে আসছেন।’ পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে বিস্তারিত আর কিছুই বলেননি।
বাংলাদেশ সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিরোধী দল বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
উল্লেখ্য, চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচনের মাত্র মাস ছয়েক আগে এমন উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের ঢাকা সফর ঘিরে তাই খুব স্বাভাবিকভাবেই সচেতন মহলের নজর থাকবে।
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরামর্শ দিয়ে আসছে। সুষ্ঠু নির্বাচনে কেউ বাধা দিলে তাকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। এই মর্মে বাংলাদেশের জন্য এরই মধ্যে তারা ভিসানীতি ঘোষণা করেছে।
