রূপপুরের বিদ্যুৎ প্রথমবার জাতীয় গ্রিডে
বিশেষ প্রতিনিধি ও ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়ে পারমাণবিক শক্তি উৎপাদনে সূচনা করল বাংলাদেশ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। তবে বাণিজ্যিক উৎপাদনে যেতে আরও ১০ মাস লাগতে পারে। ফলে আগামী গ্রীষ্মে এ কেন্দ্র থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রটির নির্মাতা রাশিয়ার প্রতিষ্ঠান রোসাটম সোমবারই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে চেয়েছিল। তবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফে আসাদ ঐতিহাসিক এ মুহূর্ত সরাসরি পর্যবেক্ষণ করতে চাওয়ায় মঙ্গলবার পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে আত্মপ্রকাশ করল। এটি পুরো জাতির জন্য আনন্দের সংবাদ। দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময় টারবাইন, জেনারেটর ও গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা এবং স্থিতিশীলতা পরীক্ষা করা হবে। এরপর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবারও ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করা হবে।
তিনি আরও জানান, প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেম, টারবাইন ও জেনারেটরের কার্যক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে। পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে যাওয়ার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। অনুমোদন পেলে আবারও পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। রাশিয়ার ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রায় ১০ মাসের পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
মঙ্গলবারের অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। সব মিলিয়ে কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ২৪০০ মেগাওয়াট। দ্বিতীয় ইউনিট আগামী বছর চালু হওয়ার কথা রয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম মঙ্গলবার রাতে যুগান্তরকে বলেন, এটি একটি বড় ঘটনা। তবে কেন্দ্রটির বিভিন্ন ধাপের পরীক্ষা-নিরীক্ষা শেষ করে এগোতে হবে। সব ধাপ সম্পন্ন হলে এখান থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল রূপপুর প্রকল্পের মেয়াদ। অন্তর্বর্তী সরকার কয়েক দফা তাগাদা দিয়েও কেন্দ্রটি চালু করতে পারেনি। পরে দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, মেয়াদ বাড়লেও প্রকল্পের ব্যয় বাড়ানোর সুযোগ নেই। তবে ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রকল্পের খরচ বেড়েছে ২৬ হাজার কোটি টাকা। সব মিলিয়ে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় দাঁড়াবে এক লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।
