আসামি ছাড়িয়ে নিতে আওয়ামী লীগের তাণ্ডব
টুঙ্গিপাড়া থানায় আগুন
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো * বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাঙচুর * এমপি জিলানীর বাড়িতে আগুন
গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দেওয়া আগুনে মঙ্গলবার রাতে পুড়ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ও স্থানীয় সংসদ-সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েক নেতাকর্মীকে গ্রেফতারের খবর প্রকাশের পর মসজিদে মাইকিং করে প্রথমে লোক জড়ো করা হয়। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাণ্ডব চালায় তারা। এছাড়া আরও কিছু স্থাপনায় আগুন দিয়েছে দলটির নেতাকর্মীরা। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, থানার সব কক্ষ আগুনে জ্বলছে। এ সময় কোনো পুলিশ সদস্যকে সেখানে দেখা যায়নি। ঘটনার পরপরই তারা থানা ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলার অডিটোরিয়ামের সামনে পুলিশ চেকপোস্ট বসায়। সহিংসতার ঘটনায় পুলিশ কয়েকজনকে আটকের পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়। এরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মসজিদে মাইকিং করে লোকজন জড়ো করে। এ সময় এইচ এম রুবেল ফরাজি নামে একজন ফেসবুক লাইভে থানা জ্বালিয়ে দেওয়ার জন্য লোকজনকে জড়ো হতেও আহ্বান জানায়। পরে নেতাকর্মীরা থানায় গিয়ে হামলা চালায় এবং আটককৃতদের ছাড়িয়ে আনে। এ সময় পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এর মধ্যে নেতাকর্মীরা থানায় আগুন ধরিয়ে দেয়। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ সময় কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হলেও তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনার পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার পাটগাতী গ্রামের দিকে যায়। সেখানে এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বাড়িটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার ও টুঙ্গিপাড়া থানার ওসি মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা ফোন ধরেননি।
এ ঘটনায় ১০ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ বলেন, আমরা খবর পেয়েছি-টুঙ্গিপাড়া থানা এবং চৌরঙ্গীর মোড় ও বাঁশবাড়িয়ায় কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা নিরাপত্তার অভাবে ফায়ার ব্রিগেড নিয়ে বের হতে পারছি না। আমাদের পর্যাপ্ত ফোর্স ও নিরাপত্তা দিলে আমরা বের হব।
এর আগে গত রোববার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটে। এ সময় তাদের অনেকের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র ছিল। ওইদিন জুলাই স্মৃতিস্তম্ভ, হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। পরে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়ি, দোকানপাট ও উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই রাতে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এরপর পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়। এর মধ্যে সোমবার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের তালা খুলে সভা করেন দলটির নেতাকর্মীরা। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধও উন্মুক্ত করা হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়ার উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টানিয়ে দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ১৫-২০ নেতাকর্মী স্লোগান দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের ওপর অংশে তাদের ছবি টানিয়ে দেন।
এদিন বিকালে যুবলীগ নেতা হায়দার হাজরার নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলার বালিয়াভাঙা বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
এর আগে সোমবার গোপালগঞ্জে ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, আরআরএফ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রায় দুই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি ও এসআরএফ সদস্যও দায়িত্ব পালন করছেন। জেলার ৬৭ কিলোমিটার মহাসড়ক, পৌরসভা ও উপজেলা শহরগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় থানায় অগ্নিসংযোগের পর পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
