শ্রমিক অসন্তোষ
ফের উত্তপ্ত আশুলিয়া সাভার গাজীপুর
শতাধিক কারখানা বন্ধ ঘোষণা * ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফের বিক্ষোভ ছড়িয়েছে রাজধানীর মিরপুর, ঢাকার সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে। মঙ্গলবার সকালে শ্রমিকদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় সাভারের হেমায়েতপুর। আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। মিরপুরের পল্লবীতে সড়ক অবরোধ করার সময় তাদের হটিয়ে দেয় পুলিশ। দুপুরের দিকে গাজীপুরের টঙ্গী, চান্দনা, চৌরাস্তা, শ্রীপুরে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি বিবেচনায় গাজীপুর, সাভার ও আশুলিয়ার শতাধিক পোশাক কারখানায় ছুটি ও বন্ধ ঘোষণা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। বিজিবি জানায়, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে এ পর্যন্ত তাদের ৪২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। যুগান্তর প্রতিবেদন, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
পোশাকশ্রমিকদের বেতন সমন্বয়ে গঠিত মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়া। সকালে সাভারে সড়কে শ্রমিকরা নেমে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।
এদিকে, আশুলিয়ার জামগড়া এলাকায় বিজিএমইএর সাবেক সভাপতি মো. আতিকুল ইসলামের মালিকানাধীন ‘দি রোজ ড্রেসেস লিমিটেড’ নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে সড়কে নামার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। একইভাবে আশুলিয়ার খেজুর বাগান এলাকার আরেকটি কারখানার শ্রমিকরা রাস্তায় নামার চেষ্টা করলে তাদের সরিয়ে দেয় পুলিশ।
পরিস্থিতি বিবেচনায় শিল্পাঞ্চল আশুলিয়ার ৩০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাভারের রাজফুলবাড়ীয়া হেমায়েতপুর পদ্মার মোড়ে হাজিরা দিয়েই সড়কে নেমে আসেন স্ট্যান্ডার্ড গ্রুপের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। তাদের দেখাদেখি পাশের আরেকটি কারখানার শ্রমিকরা সড়কে নেমে এলে চালু থাকা অন্যান্য কারখানার সামনে অগ্রসর হতে গেলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সকালে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হয়। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
সকালে হেমায়েতপুরের বাগবাড়ি সামস স্টাইলিং-এর শ্রমিকরা কাজে যোগদান না করে রাস্তায় আন্দোলনে নামার চেষ্টা করেন। এ সময় শ্রমিকরা বাগবাড়ি মোড়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া দুপুরে যুগান্তরকে বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, এখন পর্যন্ত আপাতত শান্ত রয়েছে। তবে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
মঙ্গলবার গাজীপুরের চান্দনা চৌরাস্তা, সালনা, ভোগড়া বাইপাস, নাওজোর, তিনসড়ক, তেলিপাড়া, বাঘেরবাজার, শিরিরচালা, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় সড়ক-মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে দিনভর দুটি মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে।
এদিকে শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরে নির্দিষ্টকালের জন্য ২৬টি কারখানা বন্ধের পাশাপাশি ছুটি ঘোষণা করা হয়েছে আরও ৩৪টি কারখানা। এছাড়া দুপুরের পর অনেক কারখানায় আর শ্রমিকরা প্রবেশ করতে পারেননি।
মঙ্গলবার সকাল ৯টার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে প্রথমে চান্দনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় বিক্ষোভ শুরু করেন। পরে তারা ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশের এপিসি গাড়ি ভাঙচুর করেন, আগুন ধরিয়ে দেন পুলিশ ভ্যারিকেটে। তারা মহাসড়কেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। ফলে সকাল হতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে মঙ্গলবার ৩৪টি কারখানা ছুটি দেওয়া হয়েছে। এছাড়াও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২৬টি কারখানা।
এদিন রাজধানীর মিরপুরে আবারও সড়কে নামার চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১ ও মিরপুর-১ নম্বর এলাকায় শ্রমিকদের জমায়েত ও বিক্ষোভের চেষ্টা চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আন্দোলনে নাশকতার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ক্রাইম প্রিভেনশন-উত্তর মো. মহিদুল ইসলাম। তিনি বলেন, বিভিন্ন এলাকায় শ্রমিকদের সড়কে নামার চেষ্টা পুলিশ বুঝিয়ে ফিরিয়ে দিয়েছে। এ সময় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে নাশকতা বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর প্রমাণ পাওয়ায় তিনজকে গ্রেফতার করা হয়েছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩ জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন : ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এছাড়া ময়মনসিংহের শিল্পাঞ্চলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
