মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র
গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহতকারীর জন্য ভিসা নিষেধাজ্ঞা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করে-এমন যে কোনো ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে মিলারের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ চলছে। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত বিরোধী দলের হাজার হাজার কর্মীর শান্তিপূর্ণ মিছিলে সরকার হামলা করছে। বিরোধী নেতা-কর্মীদের মোবাইল ফোন চেকসহ সমাবেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মামলা দেওয়া হচ্ছে ও গ্রেফতার করা হচ্ছে-এমনকি বিরোধীদলীয় মৃত নেতা-কর্মীরাও বর্তমান শাসকের হাত থেকে রেহাই পাচ্ছেন না। এ অবস্থায় যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে ও মানবাধিকার লঙ্ঘন করছে, যুক্তরাষ্ট্র কি তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করবে?
জবাবে মিলার বলেন, নীতিগতভাবে বলতে গেলে অন্য নিষেধাজ্ঞার বিষয় প্রকাশ করলেও কারও বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করলে আমরা সেটা প্রকাশ করি না। আমরা অন্য নিষেধাজ্ঞা নিয়ে যতটা পর্যালোচনা করি, ভিসা নিষেধাজ্ঞা নিয়ে ততটা করি না। আমি আগেও ব্রিফিংয়ে এমন প্রশ্নের জবাবে কর্তৃপক্ষের বিভিন্ন নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছি।
ম্যাথিউ মিলার আরও বলেন, ২৪ মে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশের জন্য ভিসানীতি ঘোষণা করেছেন। তখন তিনি স্পষ্ট করে জানিয়েছেন, যারা বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধা দেবে বা ব্যাহত করার চেষ্টা করবে, তাদের ক্ষেত্রে এই নীতি ব্যবহার করা হবে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে-গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় ভোট কারচুপি, ভোটারদের ভয়ভীতি দেখানো, সহিংসতা, সংগঠনের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার ক্ষুণ্ন করা। এর বাইরে রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ বা গণমাধ্যমকে তাদের মতামত প্রচারে বাধা দেওয়ার পদক্ষেপও এই নীতির আওতায় পড়বে।
এরপর মিলারকে প্রশ্ন করা হয়, বাংলাদেশে মানবাধিকার কর্মীরা রাষ্ট্রসহ নানা উৎস থেকে বিভিন্ন ভাবে হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ৮৬ শতাংশ মানবাধিকার কর্মী নানাভাবে বাধা-বিপত্তির সম্মুখীন হয়েছেন। এনজিওর আর্থিক ব্যবস্থার নিয়ন্ত্রণ সরকারের আরেকটি হাতিয়ার। কারণ, এনজিওর নিয়ন্ত্রক সংস্থা এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন। এ কারণে অনেক আন্তর্জাতিক সহায়তা গ্রহণকারী অনেক সাহায্য সংস্থা সমস্যার মুখে পড়েছে। অনেক মানবাধিকার কর্মী ঠিকমতো বেতন পাচ্ছেন না। আপনি কি মনে করেন, এ পরিস্থিতি বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের?
এর জবাবে মিলার বলেন, আমি বলব সাধারণ নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক সমাজে প্রত্যেকের অবাধে ভূমিকা পালন করতে দেওয়াকে সমর্থন করে। মার্কিন প্রশাসন মানবাধিকারের ওপর যে কোনো বিধিনিষেধের বিরোধিতা করে। এ বিষয়ে আমার পক্ষ থেকে এর চেয়ে নির্দিষ্ট করে বলার আর কিছু নেই।
