অধিনায়কত্ব ছাড়লেন তামিম ইকবাল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়লেন তামিম ইকবাল। ইনজুরির কারণে খেলবেন না এশিয়া কাপও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের বাসায় তার সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার রাতে এ কথা জানান বাঁ-হাতি এ ওপেনার। এ সময় নাজমুল হাসানও সেখানে ছিলেন। তামিম ইকবাল বলেন, ‘দলের ভালোর জন্য নেতৃত্ব ছাড়ছি। এখন খেলায় আরও বেশি মনোযোগ দেব।’
আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচের পর আচমকা ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন তামিম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে ফেরার কথা জানিয়েছিলেন তিনি। তবে তার দেড় মাসের ছুটি ও চিকিৎসা নতুন ঝামেলায় ফেলে দেয় নির্বাচকদের। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও বিসিবি সভাপতির সঙ্গে আলোচনার পর অবস্থান পরিষ্কার করেন তামিম। এখন এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে সবার কাছে গ্রহণযোগ্য এমন একজনকে অধিনায়ক করবে বিসিবি। সে দৌড়ে এগিয়ে রয়েছেন সাকিব আল হাসান। তিনি এখন লংকান প্রিমিয়ার লিগ খেলছেন।
তামিম ইকবাল বলেন, ‘আমরা একসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি আজ (বৃহস্পতিবার)। আমার মেসেজটা উনাকে দিয়েছি। উনিও বুঝেছেন এবং যা বলার আমাকে সুন্দর করে বুঝিয়ে বলেছেন।’ আর তামিমের সঙ্গে বসার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিসিবি সভাপতি।
সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি একটি সিদ্ধান্ত নিয়েছি যে, আমি বাংলাদেশ দলের অধিনায়ক থেকে সরে দাঁড়াচ্ছি। আমার সমস্যাগুলো সবাইকে বলেছি। সবার আগে দল। আমি দলের জন্য খেলে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘আমি হয়তো অধিনায়ক থাকব না, কিন্তু মাঠে আমার পক্ষ থেকে যতটুকু সাহায্য করতে পারব, সেটা করব। চেইন অব কমান্ড নিয়ে কথা উঠেছে। এটা যতটুকু মানার দরকার আমি সেটা মানি। আমার প্রথম বস জালাল ভাই (ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান)। আমি সব ঘটনাই তাকে আগে জানাই। আমি চেইন অব কমান্ড মেনেই চলার চেষ্টা করি।’
নাজমুল হাসান বলেন, ‘এটা আমাদের জন্য একটা বড় ধাক্কা। দলের জন্য বড় ক্ষতি। এ সিদ্ধান্ত শোনার জন্য প্রস্তুত ছিলাম না। এখানে আমাদের কাছে সবাই অধিনায়ক। তামিম সুস্থ হয়ে ফিরে আসুক এবং বাংলাদেশ দলের সঙ্গে খেলুক, এটাই বড় পাওয়া হবে। সে দলে থাকলেই হয়তো সবাই খুশি হবে।’ তিনি বলেন, ‘যদি লিটন অধিনায়ক হয় তাহলে তামিম, সাকিব-মুশফিক মাঠে থাকলে তাদের প্রভাব থাকবে না এমনটা নয়। তবে তামিম যখন দলের সঙ্গে থাকছে সেটা আগের চেয়ে ভালো হবে।’ তামিমের ইনজুরি নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘ইনজুরির কারণে তামিমের এশিয়া কাপে ফেরা সম্ভব হবে না। সে এই টুর্নামেন্টে খেলতে পারবে না। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সে ফিরতে পারবে।’ তামিম ইকবালের সিদ্ধান্তের ওপর ঝুলে ছিল কয়েকটি বিষয়। তিনি খেলতে পারলে এক ধরনের পরিকল্পনা, না খেলতে পারলে আরেক ধরনের। সবচেয়ে বড় ইস্যু ছিল অধিনায়কত্ব নিয়ে। এশিয়া কাপে খেলতে না পারলে বিশ্বকাপের আগে তার অবস্থা কী হবে সেসব নিয়ে ছিল প্রশ্ন। তবে শুধু বিশ্বকাপে অধিনায়কত্ব করতে মোটেই আগ্রহী ছিলেন না বিকল্প হিসাবে প্রথম পছন্দ সাকিব আল হাসান। বারবার যার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে সেই লিটন দাসও এই ভার নিতে রাজি ছিলেন না। এই সমস্যার সমাধানের জন্য তামিমের সঙ্গে নাজমুল হাসান ও অন্যদের বৈঠক করা খুবই জরুরি ছিল। গতকালই সেই বৈঠক করে হালকা হওয়ার চেষ্টা করেছে উভয় পক্ষ। তবে সকাল থেকেই বিসিবি ছিল একটু আড়ালে। কোথায় বৈঠক হবে সেটা মিডিয়াকে আগে থেকে বলেনি বিসিবি। তামিম ও বিসিবির অবস্থা জানার জন্যই সারাদিন বিসিবির করিডোরে সময় কাটিয়েছেন সাংবাদিকরা। অবশেষে সন্ধ্যা ৭টায় জানানো হয় বিসিবি সভাপতির গুলশান বাসভবনে রাত ৮টার পর সংবাদ সম্মেলন হবে। তবে তামিম বিসিবি সভাপতির বাসভবনে যান ৭টা ৪০ মিনিটে। এরপরও বাসায় ফেরেন নাজমুল হাসান। দুপক্ষের বিস্তর আলোচনার পর রাত সাড়ে ৯টার পর সংবাদ সম্মেলনে আসেন তামিম ও নাজমুল হাসান।
