Logo
Logo
×
   

Advertisement

প্রথম পাতা

হস্তক্ষেপ নয় যুক্তরাষ্ট্রের লক্ষ্য নির্বাচনে সহায়তা: মার্কিন রাষ্ট্রদূত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হস্তক্ষেপ নয় যুক্তরাষ্ট্রের লক্ষ্য নির্বাচনে সহায়তা: মার্কিন রাষ্ট্রদূত

Advertisement

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে চায় না; বরং নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সে বিষয়ে গুরুত্ব দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

বৃহস্পতিবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) অফিস অব এক্সটারনাল অ্যাফেয়ার্স ও সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) যৌথ আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র সারা বিশ্বে পাঁচটি লক্ষ্য নিয়ে কাজ করে। এর মধ্যে একটি হলো-অবাধ ও সুষ্ঠুভাবে যে কোনো দেশের জনগণ যেন তাদের নেতা নির্বাচন করতে পারেন তা নিশ্চিত করা। বাংলাদেশে কয়েক মাস পরই নির্বাচন। সেই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে বিষয়ে যুক্তরাষ্ট্র নজর রাখবে।

পিটার হাস আরও বলেন, এই নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো লক্ষ্য যুক্তরাষ্ট্রের নেই। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের জনগণকে অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা করা। এর মাধ্যমে জনগণ তাদের নেতা নির্বাচন করতে পারবেন। নির্বাচনে গণমাধ্যম যেন ভয়ডরহীনভাবে কাজ করতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে বলেও তিনি জানান।

রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গারা যাতে মর্যাদার সঙ্গে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারে, সেজন্য মিয়ানমারের পরিস্থিতি নিশ্চিত করা সমগ্র বিশ্বের সম্মিলিত দায়িত্ব। তিনি বলেন, তাদের (রোহিঙ্গা) সুরক্ষিত রাখা দরকার, শিক্ষিত করা দরকার এবং তারা যেখানে বাস করছে সেখানে তাদের মর্যাদা নিশ্চিত করা দরকার। মিয়ানমারের পদক্ষেপের জন্য রোহিঙ্গাদের শাস্তি দেওয়া উচিত নয়।

মিয়ানমারের ক্রমাগত সম্মিলিত চাপের ওপর গুরুত্বারোপ করে পিটার হাস বলেন, দুর্ভাগ্যজনকভাবে এই সংকটের সমাধান এত সহজ নয়।

তিনি বলেন, তারা পুনর্বাসনের বিকল্পের বিষয়েও ভাবছেন, তবে এ সুযোগ খুবই সীমিত। এটি কেবল অত্যন্ত ঝুঁকিপূর্ণ লোকদের জন্য প্রযোজ্য। তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার প্রশংসা করেন। তা না হলে পরিস্থিতি আরও খারাপ হতো বলেও তিনি মন্তব্য করেন।

শান্তি দিবস প্রসঙ্গে পিটার হাস বলেন, আন্তর্জাতিক শান্তি দিবস বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শান্তির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয়। এ সময় তিনি জানান, প্রতিটি রাষ্ট্র যেন সার্বভৌমভাবে সিদ্ধান্ত নিতে পারে, সে বিষয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ, উপাচার্য আতিকুল ইসলাম প্রমুখ।

Advertisement

যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত পিটার হাস

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম