Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

তীব্র তাপপ্রবাহ অব্যাহত

হিট স্ট্রোকে পুলিশ ও দুই শিক্ষার্থীসহ আরও ৫ মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন 

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হিট স্ট্রোকে পুলিশ ও দুই শিক্ষার্থীসহ আরও ৫ মৃত্যু

Advertisement

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে দুই দফায় টানা ছয় দিনের হিট অ্যালার্টের পর নতুন করে আরও তিন দিনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার ঢাকাসহ পাঁচ জেলায় হিট স্ট্রোকে ট্রাফিক পুলিশ ও দুই শিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীতে রিকশাচালক, চট্টগ্রামের আনোয়ারা ও নোয়াখালীর বেগমগঞ্জে দুই শিক্ষার্থী, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ট্রাফিক পুলিশ ও কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক নারীর মৃত্যু হয়। এ নিয়ে গেল ছয় দিনে গরমে ৩৪ জনের প্রাণহানি হলো। সংশ্লিষ্টরা বলছেন, চলমান তাপপ্রবাহের কারণে ভূপৃষ্ঠ চরম উত্তপ্ত যা শীতল করতে বা তাপমাত্রা কমাতে টানা বৃষ্টির প্রয়োজন। কিন্তু আপাতত বৃষ্টির কোনো সুখবর নেই।

বৃহস্পতিবার আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়, দেশজুড়ে চলমান তাপপ্রবাহ আরও ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে এই সময়ে মানুষ ও প্রাণীকুলের অস্বস্তি বাড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছে-চলমান এ দাবদাহ থেকে সহসা মুক্তি মিলবে না। এজন্য জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান, চলমান তাপপ্রবাহ চলতে পারে ৪ থেকে ৫ মে পর্যন্ত। এই সময়ে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠবে না। তাপমাত্রা আরেকটু বাড়ার সম্ভাবনা আছে, তবে অতি তীব্র তাপপ্রবাহ হওয়ার আশঙ্কা নেই। এর মধ্যে সিলেট ও নেত্রকোনায় হালকা বৃষ্টি হতে পারে, অন্য অঞ্চলে হওয়ার সম্ভাবনা নেই। প্রতিনিধিদের পাঠানো খবর-

হিট স্ট্রোকে এসএসসির ফলপ্রত্যাশীর মৃত্যু : নোয়াখালী প্রতিনিধি জানান, বুধবার রাতে বেগমগঞ্জে হিট স্ট্রোকে এসএসসির ফলপ্রত্যাশী রিতু সুলতানার (১৫) মৃত্যু হয়েছে। সে ছয়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাদারি গ্রামের কবিরাজ বাড়ির মো. ইসমাইলের মেয়ে। স্থানীয় ছয়ানী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল সে। ইসমাইল জানান, তীব্র গরমে রাত আড়াইটায় রিতু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তিনি স্থানীয় একজন গ্রাম্য চিকিৎসককে ডেকে বাড়িতে নিয়ে আসেন। তিনি তাকে মৃত ঘোষণা করেন। বিদ্যালয়ের শিক্ষক মনির হোসাইন বলেন, রিতুর মৃত্যুতে তার সহপাঠী, শিক্ষক ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমেছে। 

কর্ণফুলীতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু : কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, হিট স্ট্রোকে আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের বটতলী গ্রামের মনির চেয়ারম্যানের বাড়ির রুশমিয়া জেবিন (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে সে ঢাকায় থাকত। বুধবার বিকালে গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বৃহস্পতিবার গ্রামের বাড়িতে তার দাফন হয়েছে। 

ঢাকায় ফুটপাতে রিকশাচালকের লাশ : রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক রিকশাচালকের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

সোনামসজিদ স্থলবন্দরে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, হিট স্ট্রোকে রুহুল আমিন (৪২) নামে এক ট্রাফিক পরিদর্শকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় পানামা স্থলবন্দরের ভেতর দায়িত্বপালন অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রুহুল আমিন বাংলাদেশ স্থলবন্দরের অধীনে সোনামসজিদ স্থলবন্দরে ট্রাফিক পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন। তিনি যশোরের শার্শা উপজেলার কোরবান আলীর ছেলে। 

ফুলবাড়ীতে নারীর মৃত্যু : ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, ফ্লুবাড়ীতে হিট স্ট্রোকে ফাতেমা বেগম (৫৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টায় রংপর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল কৃষ্ণানন্দবকসী গ্রামে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। নিহত নারী ওই ওয়ার্ডের কপুর উদ্দিনের স্ত্রী। 

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২.২ ডিগ্রি : চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুরে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৪ শতাংশ। আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, তীব্র দাবদাহের পর এবার জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। 

রাজশাহীতে ৪১.৮ ডিগ্রি : রাজশাহী ব্যুরো জানায়, বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র রোদে দুপুরের পর প্রধান প্রধান সড়ক ফাঁকা হয়ে যাচ্ছে। মানুষকে ক্লান্ত শরীরে গাছের ছায়ায় বসে থাকতে দেখা যায়। অনেককে আবার চোখেমুখে ঠান্ডা পানি দিতে দেখা যায়। 

জবিতে অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস : জবি প্রতিনিধি জানান, তীব্র তাপপ্রবাহের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাশাসন। এছাড়া সব ধরনের পরীক্ষাও বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

Advertisement

Advertisement

আরও পড়ুন

জাপানি বিনিয়োগ : আড়াইহাজার থেকে মাতারবাড়ী গন্তব্য হতে হবে মেড ইন বাংলাদেশ

গন্তব্য হতে হবে মেড ইন বাংলাদেশ

ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, গ্রামে হাহাকার ক্লাস নেই, দিন কাটে আড্ডায়

ক্লাস নেই, দিন কাটে আড্ডায়

টোকিওতে অর্থনৈতিক ফোরামে তারেক রহমান ৫ অগ্রাধিকার খাতে বড় বিনিয়োগের আহ্বান

৫ অগ্রাধিকার খাতে বড় বিনিয়োগের আহ্বান

যুদ্ধে তেল গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি দেড় লাখ কোটি টাকা লোকসানের শঙ্কা

দেড় লাখ কোটি টাকা লোকসানের শঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম