Logo
Logo
×
   

Advertisement

খবর

সংসদে স্বাস্থ্যমন্ত্রী

ডাক্তারদের ‘ফি’ নির্ধারণের পরিকল্পনা আছে সরকারের

মার্চের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগ সম্পন্ন হবে

Advertisement

Icon

সংসদ রিপোর্টার

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডাক্তারদের ‘ফি’ নির্ধারণের পরিকল্পনা আছে সরকারের

Advertisement

রোগী দেখার বিনিময়ে ডাক্তারদের ‘ফি’ নির্ধারণ করে দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার জাতীয় সংসদে মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মাহমুদ উস সামাদ ডাক্তারদের অতিরিক্ত ‘ফি’ আদায় নিয়ে অভিযোগের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরকারের এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, রোগীর কাছ থেকে চিকিৎসকদের ‘ফি’ নির্ধারণের বিষয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠনপূর্বক নীতিমালা প্রণয়নের চিন্তাভাবনা রয়েছে সরকারের।

মোজাফফর হোসেনের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ‘ডাক্তারদের অভাবে দেশে বিদ্যমান ইউনিয়ন স্বাস্থ্যসেবা ক্লিনিকগুলো পরিত্যক্ত অবস্থায় নেই। কারণ দেশের অধিকাংশ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো), একজন ফার্মাসিস্ট ও একজন অফিস সহায়ক কর্মরত আছেন। তবে কেন্দ্রগুলোতে এমবিবিএস ডাক্তারের পদ শূন্য থাকায় গরিব জনসাধারণ উন্নত চিকিৎসা সুবিধা প্রাপ্তি কিছুটা বঞ্চিত হচ্ছে।’

ডাক্তারের অনুপস্থিতিকেও দুর্নীতি বলছে দুদক : সম্প্রতি দুর্নীতি দমন কমিশন থেকে আকস্মিক অভিযানে বেশ কিছু হাসপাতালে ডাক্তারের অনুপস্থিতি ও কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। তবে অভিযোগ আমলে নিলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ীই ব্যবস্থা গ্রহণের কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। তিনি বলেন, হ্যাঁ দুদক গিয়েছিলেন, উনারা কিছু হাসপাতালে ডাক্তারের অনুপস্থিতি পেয়েছেন।

ডাক্তারের অনুপস্থিতিকেও দুর্নীতি হিসেবে ধরা হচ্ছে। ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ১৬ কোটি লোকের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। প্রধানমন্ত্রী যতগুলো পুরস্কার পেয়েছেন তার বেশির ভাগই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। আমাদের গড় আয়ু বেড়ে ৭২ বছর হয়েছে। শিশু মৃত্যু, মাতৃমৃত্যুর হার কমেছে।

ত্রুটি-বিচ্যুতি থাকতেই পারে। এ বছর দুদক গিয়েছিল, হ্যাঁ এটা আমরা অস্বীকার করব না। মন্ত্রী বলেন, উনি (দুদকের পরিচালক মুনির চৌধুরী) এসে কিছু সুপারিশ দিয়ে গেছেন, তার সুপারিশ আমরা রেখেছি। তবে কোনোটা গ্রহণ করব কোনটা করব না সেটা আমাদের বিষয়। আমাদের নিজেদের নীতিমালা আছে। আমরা আমাদের নীতিমালা ও পলিসি অনুযায়ী চলব। তবে হ্যাঁ অবশ্যই চেষ্টা করব কোনো পর্যায়ে যাতে দুর্নীতি না হয়।

চিকিৎসক নিয়োগ : শাহে আলমের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অচিরেই ১০ হাজার ডাক্তার নিয়োগের জন্য কাজ করছি। আগামী মার্চের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগ সম্পন্ন হবে। ১০ হাজার ডাক্তার নিয়োগ সম্পন্ন হলে ডাক্তার সমস্যা আর থাকবে না। নৌযানের পরিসংখ্যানসহ ডাটাবেজ তৈরির কাজ চলছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছে, নৌযানের পরিসংখ্যানসহ ডাটাবেজ তৈরির কাজ চলছে।

সাশ্রয়ী এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নীতি নির্ধারণ ও পরিকল্পনা গ্রহণের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ নৌপথের দেশ। দুই শতাধিক নদীর এই নৌপথ এবং খাল-বিল-হাওরে বিভিন্ন আকারে অসংখ্য নৌযান চলাচল করে। নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৬ সাল থেকে ৬৩৯টি নৌদুর্ঘটনা ঘটেছে। এতে ৪ হাজার ৭৩২ জন প্রাণ হারিয়েছেন।

Advertisement

পরিকল্পনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম