ইউএনও’র কার্যালয়ে সাইনবোর্ড
বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার বরুড়ায় ইউএনও কার্যালয়ের সামনে ব্যতিক্রমী সাইনবোর্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসছে। সেখানে লেখা রয়েছে- ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ প্রবেশ করুন’। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি নিজ কার্যালয়ের দরজায় এমন বার্তা টাঙিয়েছেন। সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমানো এবং প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব ঘোচাতেই তার এ উদ্যোগ বলে জানা গেছে। শুক্রবার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বার্তায় দেখা গেছে, কার্যালয়ের প্রবেশপথে নেমপ্লেটের পাশে লেখা রয়েছে-‘অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই, জুতাসহ প্রবেশ করুন।’ অর্থাৎ, ইউএনওর কক্ষে প্রবেশের আগে আলাদা অনুমতি নেওয়া বা জুতা খুলে রাখার প্রয়োজন নেই। ছোট্ট এই বার্তার মাধ্যমে সরকারি দপ্তরকে মানুষের জন্য আরও উন্মুক্ত ও সহজলভ্য করার প্রত্যয় ফুটে উঠেছে।
উপজেলা সদরের ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, অতীতে দেখেছি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করতে অনেক বাধা-বিপত্তি ছিল। এক্ষেত্রে দালাল এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হতে হতো। বর্তমান ইউএনও এসে জনগণের সাথে সেতুবন্ধন তৈরি করার জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই।
স্থানীয় বাসিন্দা শাহীন আলম বলেন, ‘এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের সঙ্গে সরকারি কর্মকর্তাদের দূরত্ব কমবে। এতে দালালদের দৌরাত্ম্য কমবে। পাশাপাশি যথাযথ সেবা নিশ্চিত হবে। ভুক্তভোগীরা সরাসরি কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আলাপ-আলোচনা করতে পারবে। ইউএনওর এমন উদারতা যেন সবসময় বজায় থাকে সেই প্রত্যাশা করছি।
সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমাতে এবং সরকারি দপ্তরে মানুষের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, এমন জনবান্ধব পদক্ষেপ প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সহজ ও মানবিক করে তুলতে পারে।
এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি বলেন, ‘জনসাধারণের সঙ্গে দূরত্ব কমাতেই আমি এমন উদ্যোগ নিয়েছি।
