Logo
Logo
×
   

Advertisement

খবর

ওয়াশিংটনে টিকফা সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের বাজারে আরও শুল্কমুক্ত সুবিধা চায় ঢাকা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

তৈরি পোশাক রফতানিতে যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি (অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার) সুবিধা চেয়েছে বাংলাদেশ। পাশাপাশি অন্যান্য পণ্যের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার সুবিধার প্রস্তাব দেওয়া হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম অ্যাগ্রিমেন্টের (টিকফা) বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায় তৈরি বাংলাদেশি পোশাকের রপ্তানির ওপর ‘শূন্য’ শুল্ক প্রস্তাব করা হয়।

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেনটেটিভ (ইএসটিআর) ক্রিস্ট্রোপার ইউলসন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বৈঠকের শুরুতে ডেপুটি ইউএসটিআর সারাহ বিয়েনচি বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান। সংক্ষিপ্ত সূচনা বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি টিকফা বৈঠকের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক করে তুলেছে।

বৈঠকে বাণিজ্য সচিব বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে সর্বোচ্চ শুল্ক প্রদান করে, যা মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস করছে।

বৈঠকে প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে তৈরি পোশাকের উৎপাদন বণ্টন, বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন, মেধাস্বত্ব অধিকার, গুণগত সার্টিফিকেশন অবকাঠামোর জন্য প্রযুক্তিগত সহযোগিতা, শ্রম বিষয় এবং আইডিএফসি অর্থায়ন। তবে সেখানে উভয় পক্ষই প্রস্তাবিত ডেটা সুরক্ষা আইন, কৃষিতে বায়োটেকনোলজি, ইউএসএফডিএ-তে বাংলাদেশি ওষুধের নিবন্ধন সহজীকরণ, যুক্তরাষ্ট্র হতে বাংলাদেশে ‘ট্রি নাট’ রপ্তানির ওপর শুল্ক হ্রাস এবং বাংলাদেশের বীজ বাজারে মার্কিন প্রবেশাধিকারের জন্য বীজ আইনের বিধানকে সহজ করার বিষয়ে আলোচনা করে।

বৈঠকে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে মার্কিন বিনিয়োগের জন্য মুনাফা প্রত্যর্পণ সহজ করার অনুরোধ জানান। এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দল ঢাকায় ফিরে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার আশ্বাস প্রদান করেন। উভয় পক্ষই ২০২৩ সালের অক্টোবরে ঢাকায় সপ্তম টিকফা সভা করতে সম্মত হয়।

টিকফা বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে অন্যদের মধ্যে শ্রম সচিব মো. এহছানে এলাহী, কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এবং আইসিটি বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম