Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

প্রধানমন্ত্রীর কাছে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির প্রতিবেদন পেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ জুলাই ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কমিটির প্রতিবেদন পেশ করেছে। কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী গণভবনে ২৩৪ পৃষ্ঠার এই প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে সরকার ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জাতীয় কমিটি এবং জাতীয় বাস্তবায়ন কমিটি নামে দুটি কমিটি গঠন করে। ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং ‘মুজিববর্ষ’ শুরু হয়। এ উপলক্ষ্যে জাতীয় উদযাপন কমিটির উদ্যোগে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোভিড-১৯ মহামারির কারণে অনেক অনুষ্ঠান ডিজিটাল মাধ্যমে প্রচারিত হয়। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা তাদের শুভেচ্ছা বার্তা পাঠান। ফলে আয়োজনটি একটি বৈশ্বিক অনুষ্ঠানে পরিণত হয়।

নতুন প্রজন্মসহ দেশবাসীকে অনুপ্রাণিত করতে ওই সময়ে বঙ্গবন্ধুর ওপর ডিজিটাল ভিডিও ও ছবি সম্বলিত প্রামাণ্যচিত্র বানানো হয়। এর পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে বিশ্বমানের স্মারক গ্রন্থ, সংকলনগ্রন্থ, স্যুভেনিয়র প্রকাশ করা হয়। এ ছাড়াও, ‘মুক্তির মহানায়ক’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠান এবং ‘মুজিব চিরন্তন’ নামের ১০ দিনব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী ‘মহাবিজয়ের মহানায়ক’ শীর্ষক একটি অনুষ্ঠান এবং ‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, এগুলো ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। জাতীয় বাস্তবায়ন কমিটির মিডিয়া সেন্টারের প্রতিবেদনও গতকাল প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে। গত ৩১ মার্চ আনুষ্ঠানিকভাবে মুজিববর্ষ সমাপ্ত হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম