সংসদে হাসানুল হক ইনু
উন্নয়নের ট্রেনে অনেক ঘরকাটা ইঁদুর ঢুকেছে
Advertisement
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, উন্নয়নের ট্রেনে অনেক ঘরকাটা ইঁদুর ঢুকেছে। প্রশাসনের ভেতর নব্য রাজাকাররা মাকড়সার জাল বুনছে। সরকারের ভেতর দুই-একটা খন্দকার মোশতাকের ভূত ঢোকার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী সাবধান, কান্ডারি হুঁশিয়ার। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিতে রাতদিন কাজ করছেন, তখন বিএনপি-জামায়াতসহ কিছু রাজনৈতিক দল পথে কাঁটা ছড়াচ্ছে। বিএনপি যে ১০ দফা, ২৭ দফা দিয়েছে, সেই দফার মধ্যে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত। আর তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব হচ্ছে দেশকে সংবিধানের বাইরে ঠেলে দেওয়ার প্রস্তাব, জঙ্গি সরকার কায়েমের চক্রান্ত। বিএনপির ১০ ও ২৭ দফা হচ্ছে অস্বাভাবিক সরকার আনা; যথাসময়ে নির্বাচন বন্ধ করা; ’৭১ ও ’৭৫-এর খুনি, রাজাকার, জঙ্গি, জামায়াতের পক্ষাবলম্বন এবং সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজ, যুদ্ধাপরাধী, জঙ্গি, খুনি ও সন্ত্রাসীদের মুক্ত করা।
জাসদ সভাপতি বলেন, ’৭১-এর মীমাংসিত মৌলিক বিষয়ে বিতর্ক রেখে শুধু একটি নির্বাচন সংঘাতের সমাধান দেবে না। এই যুদ্ধ পরিস্থিতির অবসান করতে হলে গণতন্ত্র ও শান্তি চাইলে শুধু নির্বাচন অনুষ্ঠান নয়, ’৭১-এর মীমাংসিত মৌলিক রাজনৈতিক প্রশ্নেও ঐকমত্য প্রয়োজন। মুক্তিযুদ্ধের চেতনার সবার ঘনিষ্ঠ ঐক্য দরকার। এই যুদ্ধে মিত্রবাহিনীর ঐক্য গুরুত্বপূর্ণ। শত্রুরা মিত্রবাহিনীর ঐক্য ভাঙার চেষ্টা করবে। ঘরের শত্রু বিভীষণ, এটাও মনে রাখতে হবে।
