সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড
মন্ত্রণালয়ের কাছে তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিস্তারিত তথ্য চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ ধরনের ঘটনা প্রতিরোধে গৃহীত পদক্ষেপ ও সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে কমিটিকে অবহিত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে বৈঠক হয়।
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এ সময় সংসদীয় কমিটি এ সংক্রান্ত তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনার পূর্ণ বিবরণসহ বিস্তারিত কমিটিকে অবহিত করার সুপারিশ করে। এছাড়া বৈঠকে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর কার্যক্রম ও জনবল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ও সৌদি আরবের বর্তমান সম্পর্ক, মিশনগুলোর প্রধান কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সহযোগিতা, দ্বিপক্ষীয় বাণিজ্য, কর্মসংস্থান ও রেমিট্যান্স, শ্রমবাজারের প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনা, রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ সেবা এবং হজ কার্যক্রম বিষয়ে একটি উপস্থাপনা দেয়। ১৫৩তম আইপিইউ (আন্তঃসংসদীয় ইউনিয়ন) সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ এবং কমিটির সভাপতির আইপিইউ নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার প্রসঙ্গ উঠে বৈঠকে। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী। বৈঠকে কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী ও সানজিদা ইসলাম অংশ নেন। কমিটির বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠকে যোগ দেন।
পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ চেয়ে আইনি নোটিশ : এদিকে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ ও সংশ্লিষ্ট নথি সংরক্ষণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বিদেশে আটক ও মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা অন্য বাংলাদেশিদের সুরক্ষায় নেওয়া পদক্ষেপ সম্পর্কেও জানতে বলা হয়েছে। রোববার সুপ্রিমকোর্টের আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ রেজিস্ট্রি ডাকযোগে পররাষ্ট্রসচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক বরাবর নোটিশটি পাঠান। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ওই সব বিষয়ে নোটিশগ্রহীতাদের প্রাথমিক জবাব দিতে বলা হয়েছে।
