আ.লীগকে ফেরাতে ভারতের সঙ্গে আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম
Advertisement
যুগান্তর প্রতিবেদন ও মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার আওয়ামী লীগকে ফেরাতে ভারতের সঙ্গে আঁতাত করছে। তিনি আরও বলেন, সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বসানো অনির্বাচিত ও দলীয় প্রশাসকদের অবিলম্বে অপসারণ করতে হবে। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এসব প্রশাসককে অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না।
রোববার রাজধানীর মিরপুর ১০ নম্বরে আয়োজিত গণসংযোগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরকারের কঠোর সমালোচনা করে তিনি এসব কথা বলেন। ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে তিনি লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী হিসাবে আসিফ মাহমুদের নাম উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তিনি কোনো দলের পক্ষ থেকে নয়, ঢাকা মহানগরবাসীর পক্ষ থেকে নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, বিএনপি সরকার বিভিন্ন করপোরেশনে দলীয় লোকদের বসিয়ে দিয়েছে। আগে আওয়ামী লীগ সরকারের সময়ে এসব পদে দলীয় সমর্থক আমলাদের নিয়োগ দেওয়ার প্রবণতা ছিল। কিন্তু বর্তমান সরকার সরাসরি দলীয় লোকদের বসিয়ে সেই দলীয়করণের ধারাকে আরও এগিয়ে নিয়েছে।
নাহিদ বলেন, একজন অনির্বাচিত ব্যক্তিকে প্রশাসক হিসাবে বসিয়ে রাখার কোনো নৈতিক বৈধতা নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানও ওই প্রশাসককে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে প্রশাসকরা নিজেদের প্রচার ও সুবিধাভোগী গোষ্ঠী তৈরির চেষ্টা করছেন। এতে স্থানীয় সরকার নির্বাচনের গণতান্ত্রিক চেতনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, জনগণের রায়ের প্রতি অবমাননা করা হয়েছে। বিএনপি অতীতে শেখ হাসিনার সরকারের তিনটি সংসদকে অবৈধ বলে অভিহিত করলেও আইনগতভাবে সেগুলো অবৈধ ঘোষণা করা হয়নি। তিনি বলেন, শেখ হাসিনার আমলের সংসদ ও সরকারের ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা প্রয়োজন। এর মাধ্যমে পুরোনো সাংবিধানিক কাঠামো থেকে বেরিয়ে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। আগামী ৩০ অক্টোবর ঢাকার শাহবাগে অনুষ্ঠেয় গণবিক্ষোভে অংশ নিতে মিরপুরবাসীর প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। জনগণের অধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।
কর্মসূচিতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের মেয়র প্রার্থী আসিফ মাহমুদসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
