সংসদে টেলিযোগাযোগমন্ত্রী
গ্রামীণফোনের কাছে পাওনা ১০ হাজার ৫৭৯ কোটি টাকা
Advertisement
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মোবাইল ফোন কোম্পানিগুলোর কাছে ১৩ হাজার কোটি টাকার বেশি পাওনা আছে বলে সংসদকে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। মঙ্গলবার জাতীয় সংসদে এম আবদুল লতিফ ও আ ক ম সরওয়ার জাহানের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে সরকারের এক হাজার ৬৯৪ কোটি ৭৩ লাখ টাকা পাওনা রয়েছে। গ্রামীণফোনের কাছে ১০ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা ও রবি আজিয়াটার কাছে ৭২৯ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ কোটি টাকা পাওনা রয়েছে। বাংলালিংকের কাছে ২৭৩ কোটি ২৫ লাখ ৪১ হাজার ২৯২ টাকা ও সিটিসেলের কাছে ১২৮ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা পাওনা রয়েছে।
মন্ত্রী বলেন, টেলিটকের কাছে পাওনা এক হাজার ৬৯৪ কোটি ৭৩ লাখ টাকার মধ্যে এক হাজার ৫৮৫ কোটি ১৩ লাখ টাকা ৩জি স্পেকট্রাম এসাইনমেন্ট ফি বাবদ। স্পেকট্রাম চার্জ বাবদ ২৭ কোটি ১৫ লাখ, রেভিনিউ শেয়ার বাবদ ৩৩ কোটি ৭৯ লাখ ও এসওএফ বাবদ ৪৮ কোটি ৬৬ লাখ টাকা।
মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ ভারতে ব্যান্ডউইথ রপ্তানি বিষয়টির সত্যতা রয়েছে। ভারতের সঙ্গে আইপি ট্রানজিট লিজ প্রদান সংক্রান্ত একটি চুক্তি ২০১৫ সালের ৬ জুন স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী দেশটির পূর্বাঞ্চলের প্রদেশগুলোর জন্য প্রাথমিক অবস্থায় ১০ জিবিপিএস ব্যান্ডউইথ বাংলাদেশ থেকে লিজ দেওয়া হয়। বিএসসিসিএল বর্তমানে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি বিএসএনএলকে ত্রিপুরায় ২০ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি করছে।
