মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা-আটক একজন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফেসবুকে ভুয়া আইডি খুলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। গ্রেফতারের নাম মো. মিরাজ হোসেন তুহিন। রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে ই-ফ্রড টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) সুরঞ্জনা সাহা বিষয়টি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নিয়মিত অনলাইন মনিটরিং করার সময় ফেসবুকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের পোস্ট পরিলক্ষিত হয়। প্রতারক চক্রের সদস্যরা ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন মেডিকেল ভর্তি সংক্রান্ত ফেসবুক গ্র“পে ১০০% কমন প্রশ্নপত্র দেওয়ার নিশ্চয়তা দিয়ে তাদের ইনবক্স করতে বলে। ইনবক্সে কেউ মেসেজ দিলে তারা প্রশ্নপত্রের জন্য অগ্রিম টাকা দাবি করে। বিকাশ ও নগদের মাধ্যমে এভাবে তারা অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। তিনি আরও বলেন, সিটি সাইবার ক্রাইম বিভাগের ই-ফ্রড টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটিকে শনাক্ত করে। পরবর্তী সময়ে মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে মিরাজকে গ্রেফতার করতে সক্ষম হয়। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় ডিএমপির রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
