Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

তিন মোটরসাইকেলে এসে প্রাইভেটকার ঘিরে ব্যবসায়ীকে গুলি

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কক্সবাজার সদর উপজেলায় চলন্ত প্রাইভেটকারের গতিরোধ করে এক আসবাবপত্র ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি এ হামলায় অংশ নেন বলে জানিয়েছেন গুলিবিদ্ধ ব্যবসায়ী। জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় বিএনপি নেতার তিন ভাই ও তাদের সহযোগীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে।

গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম মাহমুদুল হক (৪৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকার বাসিন্দা। বর্তমানে পরিবার নিয়ে কক্সবাজার পৌর শহরের হাশেমিয়া মাদ্রাসা এলাকায় থাকেন। ওই এলাকায় ও রামুতে তার আসবাবপত্রের ব্যবসা রয়েছে।

মাহমুদুল হক জানান, শুক্রবার দুপুরে ব্যক্তিগত গাড়িতে করে রামু যাচ্ছিলেন তিনি। পথে খরুলিয়া এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তার গাড়ির গতিরোধ করেন। পরিস্থিতি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন হামলাকারীরা। এতে তার পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। পরে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাহমুদুল হকের ভাই জসিম উদ্দিন বলেন, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঙ্গে তার ভাইয়ের জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে লিয়াকত আলীর ভাই জায়েদ আলী, কিতাব আলী ও ওয়াদুদ আলী এবং তাদের সহযোগী মো. নাসেরসহ ছয়জন তার ভাইয়ের ওপর হামলা চালিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে লিয়াকত আলীর ভাই জায়েদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। কিতাব আলী, ওয়াদুদ আলী ও মো. নাসেরের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। একটি মামলায় গ্রেফতার হয়ে লিয়াকত আলী বর্তমানে কারাগারে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এর আগে গত ২৪ মে কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপি নেতা লিয়াকত আলী ও তার ভাই জায়েদের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজনের ওপর গুলিবর্ষণের অভিযোগ ওঠে। এতে একজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন লিয়াকত আলী। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খরুলিয়া এলাকায় মাহমুদুল হক নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

তিন মোটরসাইকেলে এসে প্রাইভেটকার ঘিরে ব্যবসায়ীকে গুলি

তিন মোটরসাইকেলে এসে প্রাইভেটকার ঘিরে ব্যবসায়ীকে গুলি

শিল্পকলার নতুন ভবন প্রশাসনিক কক্ষে মন্ত্রণালয়ের গাড়ি চালকের বসবাস

প্রশাসনিক কক্ষে মন্ত্রণালয়ের গাড়ি চালকের বসবাস

কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

হাম উপসর্গে চারজনের মৃত্যু নতুন রোগী ১৩১৪

হাম উপসর্গে চারজনের মৃত্যু নতুন রোগী ১৩১৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম