Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

রাজউকের উত্তরা ‘বি’ ও ‘সি’ ব্লকে ফ্ল্যাট নির্মাণের সুপারিশ

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজউকের উত্তরা ‘বি’ ও ‘সি’ ব্লকে বিভিন্ন সাইজের ফ্ল্যাট নির্মাণের সুপারিশ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক এ সুপারিশ করা হয়। কমিটি রাজউকের নিজস্ব জনবল ও অর্থায়নে উত্তরা ‘বি’ ও ‘সি’ ব্লকে অ্যাপার্টমেন্ট প্রকল্পে বিভিন্ন সাইজের ফ্ল্যাট নির্মাণের জন্য সুপারিশ করে। এছাড়াও চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা দূর করতে খালগুলো রক্ষণাবেক্ষণের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের কাজের সমন্বয়ের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নারায়ন চন্দ্র চন্দ, মো. মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ার আশরাফ খান, সৈয়দা জোহরা আলাউদ্দিন এবং ফরিদা খানম অংশ নেন।

ব্লু-ইকোনমির সম্ভাবনা : এদিকে ব্লু-ইকোনমির সম্ভাবনা তুলে ধরতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইমের (বিমরাড) গবেষণায় বলা হয়েছে- দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি দিচ্ছে সমুদ্র সম্পদনির্ভর অর্থনীতি বা ব্লু-ইকোনমি। ব্লু-ইকোনমির ওই সম্ভাবনা জনসমক্ষে তুলে ধরতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বৈঠকে কমিটি সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মো. মোতাহার হোসেন, মো. মহিবুর রহমান ও নাহিদ ইজাহার খান উপস্থিত ছিলেন।

বিদেশিদের জন্য কক্সবাজারে এক্সক্লুসিভ জোন স্থাপন : বিদেশি পর্যটকদের জন্য কক্সবাজার এলাকায় জরুরি ভিত্তিতে একটি এক্সক্লুসিভ জোন স্থাপনের সুপারিশ করা হয়েছে। বুধবার রাজধানীর বাংলাদেশ পর্যটন করপোরেশনের পর্যটন ভবন অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে পর্যটন বিকাশে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়কে নিয়ে নিয়মিত সমন্বয় সভা আয়োজনের সুপারিশ করা হয়। এ ছাড়াও কমিটি বরিশাল বিমানবন্দর ভাঙনরোধে রানওয়ে সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়। কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার অংশ নেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম